ইন্দিরাসহ ৫০০ বিদেশিকে সম্মাননা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বিশেষ সম্মাননা (মরণোত্তর) দিতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ রাজধানী ঢাকার একটি সড়কের নামও রাখা হবে ইন্দিরা গান্ধী সড়ক। একই সঙ্গে ৫০০ বিদেশি ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেওয়া হবে।নিপীড়িত মানুষের সংগ্রামে সাড়া দিয়ে একাত্তরের ২৭ মার্চ বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরবর্তী সময়ে তাঁর বিভিন্ন পদক্ষেপে বেগবান হয়েছিল বাংলাদেশের মুক্তির সংগ্রাম।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বুধবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ইন্দিরা গান্ধী ছাড়াও প্রায় ৫০০ বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে বাংলাদেশের মুক্তি সংগ্রামে অবদানের জন্য সম্মাননা জানানো হবে। মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের সম্মাননা-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।দীপু মনি জানান, এ পর্যন্ত প্রায় ৫০০-এর বেশি ব্যক্তি ও সংগঠনের নাম জমা পড়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে কমিটি বিদেশি নাগরিকদের নাম ও তাঁদের অবদানের বিস্তারিত বর্ণনা তৈরি করবে। সম্মাননা দেওয়ার সম্ভাব্য তারিখ আগামী ১৬ ডিসেম্বর।পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে আনুষ্ঠানিকভাবে দু-একজনের হাতে সম্মাননা তুলে দেবেন। অন্যদের বিভিন্ন পর্যায়ে সম্মাননা জানানো হবে। যেমন প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যাবেন, তখন সুবিধাজনক সময়ে এবং সম্মাননা পাওয়া ব্যক্তিদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্মারক তুলে দেওয়া হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত খসড়া তালিকায় ভারত, রাশিয়া, ভুটান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও কানাডার ৫০০-এর বেশি ব্যক্তি ও সংগঠনের নাম রয়েছে। তালিকায় থাকা ভারতীয়দের মধ্যে ইন্দিরা গান্ধী ছাড়াও রয়েছেন জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, ফিল্ড মার্শাল এস এ এম মানেকশ, লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং অরোরা, গোবিন্দ হালদার, পি এ সাংমা, আই কে গুজরাল, অটল বিহারি বাজপেয়ি, ইলা মিত্র, পণ্ডিত রবিশংকর, হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, লতা মঙ্গেশকর, রঘু রায়, মকবুল ফিদা হুসেন, মান্না দে, সলিল চৌধুরী, সুভাষ মুখোপাধ্যায়, মাদার তেরেসা, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকোলাই ভিক্টোরোভিচ পোদগোমি, প্রধানমন্ত্রী আলেক্সি নিকোলায়েভিচ কোসেগিন, যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডি, আর্চার কে ব্লাড, জোয়ান বায়েজ, অ্যালেন গিনসবার্গ, সিডনি শ্যানবার্গ, পাকিস্তানের আবদুল গাফফার খান, ফয়েজ আহমেদ ফয়েজ, আহমেদ সেলিম, আসমা জাহাঙ্গীর, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন, স্যার এডওয়ার্ড রিচার্ড জর্জ হিথ, পিটার শোর, জর্জ হ্যারিসন, মার্ক টালি, সায়মন ড্রিং, জুলিয়ান ফ্রান্সিস, ফ্রান্সের দার্শনিক ও লেখক আঁদ্রে মালরোঁ, আয়ারল্যান্ডের শন ম্যাকব্রাইড প্রমুখ।সংগঠনের তালিকায় রয়েছে আকাশবাণীসহ ভারতের ইলেকট্রনিক মিডিয়া, বিবিসি এবং অক্সফামসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা।