ইন্দোনেশিয়ার সুমাত্রা ও ফিজিতে মাঝারি মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ও প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি দ্বীপপুঞ্জে গতকাল বুধবার মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।ইন্দোনেশিয়ার আবহাওয়া-বিজ্ঞান ও ভূবিজ্ঞান সংস্থা বরাত দিয়ে সিনহুয়া জানায়, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে সুমাত্রা কেঁপে ওঠে। জাকার্তা সময় বিকেল পাঁচটা ৫৪ মিনিটে দ্বীপটিতে এ ভূকম্পন অনুভূত হয়।আবহাওয়া-বিজ্ঞান ও ভূবিজ্ঞান সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পশ্চিম সুমাত্রা থেকে ৬১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর উত্স ছিল সাগরের ৬৯ কিলোমিটার গভীরে।গত বছর পশ্চিম সুমাত্রায় এক প্রচণ্ড ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ মারা যায়।ফিজি দ্বীপপুঞ্জে অনুভূত ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে সিনহুয়া জানায়, স্থানীয় সময় বিকেল চারটা ৩০ মিনিটে ফিজি দ্বীপপুঞ্জে এ ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ফিজির রাজধানী সুভার ৫৬৫ কিলোমিটার দক্ষিণে এবং এটি সাগরের ৫৩৬ কিলোমিটার গভীরে উত্পন্ন হয়।সিনহুয়া আরও জানায়, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই ভূমিকম্প থেকে কোনো সুনামি সৃষ্টি হওয়ার সতর্কবার্তা প্রকাশ করেনি।