ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে তিন শতাধিক অবৈধ অভিবাসী নিখোঁজ
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূলে গতকাল শনিবার সন্ধ্যায় অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।পূর্ব জাভার দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের জরুরি সহায়তা বিভাগের প্রধান শাহরুল আরেফিন জানিয়েছেন, সম্ভবত ইরান ও আফগানিস্তানের প্রায় ৩৮০ জন অবৈধ অভিবাসী নিয়ে একটি কাঠের নৌকা জাভা উপকূল দিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছিল। গতকাল সন্ধ্যার দিকে শক্তিশালী ঢেউয়ের আঘাতে নৌকাটি ভেঙে যায়। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ৩৮০ ব্যক্তির মধ্যে মাত্র ৭৬ জনকে উদ্ধার করা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অনেকেই মারা যেতে পারেন বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।পূর্ব জাভার দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের জরুরি সহায়তা বিভাগের প্রধান শাহরুল আরেফিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক অভিবাসী নৌকায় করে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রায়ই ইন্দোনেশিয়ার এই উপকূলকে ব্যবহার করেন।