ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-পরবর্তী সুনামির সতর্কতা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণ উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক এক তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে ক্ষয়ক্ষতির খবর তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স দেশটির আবহাওয়া সংস্থার বরাত দিয়ে এ কথা জানিয়েছে।আবহাওয়া সংস্থা জানিয়েছে, গতকাল দিবাগত রাত তিনটার কিছুক্ষণ পরে জাভা দ্বীপের মধ্যাঞ্চলের সিলাক্যাপ এলাকায় ওই ভূমিকম্প আঘাত হানে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আবহাওয়া সংস্থা আরও জানায়, সিলাক্যাপ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল। সংস্থাটির মুখপাত্র সোয়েহারজোনো বলেন, গতকাল রাতে সুনামি সতর্কতা জারির কারণে সিলাক্যাপ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে স্থানান্তর করে শহরের প্রধান মসজিদের উঁচু ভূমিতে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পার্টামিনা জানিয়েছে, ভূমিকম্পে সিলাক্যাপের তেল শোধনাগার কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। এ কেন্দ্রে থেকে দৈনিক তিন লাখ ৪৮ হাজার তেল উত্পাদন হয়।