ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১১৩, বহু নিখোঁজ
ইন্দোনেশিয়ার সুমাত্রার উপকূলীয় অঞ্চলে গতকাল সোমবার রাতে সংঘটিত ভূমিকম্পে ১১৩ জন নিহত হওয়ার খবর আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। ভূমিকম্পে অনেক নিখোঁজ রয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়। এতে সুমাত্রা উপকূলের গ্রামগুলো ৬ থেকে ৬০০ মিটার ঢেউয়ে ভেসে গেছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের একজন প্রতিনিধি জানান, একটি গ্রামের ২০০ বাসিন্দার মধ্যে মাত্র ১১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লিজা বিটম্যান জানিয়েছেন, সুনামিতে একটি পর্যটন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম সুমাত্রা দুর্যোগ-ব্যবস্থাপনা বোর্ডের সদস্য সুরিয়া জানান, পর্যটন জাহাজটি ১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে নিখোঁজ রয়েছে। জাহাজটিতে কিছু অস্ট্রেলীয় পর্যটক ছিল বলে ধারণা করা হচ্ছে।এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে টেলিফোন নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় আক্রান্ত অঞ্চল ও পর্যটন জাহাজটির সঙ্গে যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। পাদাং উপদ্বীপের প্রায় ২৪০ কিলোমিটার দূরের অঞ্চল ভূমিকম্পটির উত্পত্তিস্থল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান জানিয়েছে।