ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭২, অগ্ন্যুত্পাতে নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার রাতে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলীয় অঞ্চলে সংঘটিত ভূমিকম্প থেকে সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭২ জন হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। অন্যদিকে গতকাল থেকে ইন্দোনেশিয়ায় মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। নতুন করে অগ্ন্যুত্পাতের আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। আগ্নেয়গিরির প্রবল অগ্ন্যুত্পাতের ভয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তবে অনেকেই ঘর ছাড়তে অসম্মতি জানিয়েছে। এ কারণে উদ্ধারকারীরা আরও প্রাণহানির আশঙ্কা করছেন। ইন্দোনেশিয়ার একজন উদ্ধারকারী জানিয়েছেন, ইতিমধ্যে ওই এলাকা থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং তাঁর ভিয়েতনাম সফর সংক্ষিপ্ত করে অচিরেই দেশে ফিরে আসছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।সুনামির ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪০০ ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও প্রায় চার হাজার ঘরবাড়ি ভেসে গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে উদ্ধার তত্পরতা শুরু করেছেন। তবে প্রতিকূল আবহাওয়া ও ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার তত্পরতা চালাতে তাঁদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ায় সংঘটিত এই সুনামিতে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ইন্দোনেশিয়াকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। প্রসঙ্গত, ওবামা তাঁর ছোটবেলার একটা সময় ইন্দোনেশিয়ায় কাটিয়েছিলেন। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার রাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ফলে দেশটিতে সুনামির সৃষ্টি হয়। এতে সুমাত্রা উপকূলের কমপক্ষে ১০টি গ্রাম ঢেউয়ে ভেসে যায়। ইন্দোনেশিয়ার পাদাং উপদ্বীপের প্রায় ২৪০ কিলোমিটার দূরের অঞ্চল ভূমিকম্পটির উত্পত্তিস্থল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান জানিয়েছে। —বিবিসি।