মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে শ্রীনগরে গতকাল সোমবারের সহিংস ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সরকার পক্ষের আইনজীবী (পিপি) আবদুল মতিন মুন্সিগঞ্জের বিচারিক হাকিম আবুল হাসনাতের আদালতে মামলাটি করেন। এর আগে গতকালের ঘটনায় আরও তিনটি মামলা হয়। গতকাল রাতে শ্রীনগর থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় আড়িয়ল বিল রক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন বাদলসহ পাঁচ থেকে ছয় হাজার লোককে আসামি করা হয়।মামলা দায়েরের পর পুলিশ শ্রীনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তবে কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার আতঙ্কে আড়িয়ল বিল ঘিরে থাকা কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন। হাসাড়ায় পুলিশ ক্যাম্পে আগুন ও লুটপাটের ঘটনায় এক সহকারী উপপরিদর্শক মামলা করেন। ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান নিহতের ঘটনায় উপপরিদর্শক ফরিদ অপর মামলাটি করেছেন।প্রসঙ্গত, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যাপক বিক্ষোভ করেছে হাজার হাজার এলাকাবাসী। দিনভর এ বিক্ষোভে জনতার সঙ্গে সংঘর্ষে ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান (৪৫) নিহত হন। আহত হয়েছে ৪০ পুলিশ সদস্য, একজন ম্যাজিস্ট্রেট, পাঁচ সাংবাদিক এবং বিক্ষোভকারী শতাধিক গ্রামবাসী। বিক্ষুব্ধ জনতা হাসাড়া পুলিশ ফাঁড়ি, পুলিশের তিনটি গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ করে। পুলিশের চারটি অস্ত্র ও ১৯টি গুলি লুট হয় বলে জানা গেছে।