ইপিজেড থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গাড়ির সারি
সাভারের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে বঙ্গবন্ধু সেতু এলাকা যানজটে প্রায় অচল হয়ে গেছে। কিছু এলাকায় থেমে থেমে গাড়ি চলছে। তবে অধিকাংশ এলাকায় লম্বা সারিতে গাড়িগুলো স্থির। কোথাও রাস্তার ডান পাশে, কোথাও রাস্তার বাঁ পাশে বাস-ট্রাক আটকে আছে।গতকাল মঙ্গলবার বিকেলে সাভারের ইপিজেড থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত এলাকায় ব্যাপক যানজটের শুরু। আজ বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ির জট লেগেই আছে। রাস্তার কোথাও কোথাও পুলিশের সদস্যদের দেখা গেলেও যানজট নিরসনে তাঁদের কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বলে যাত্রীরা অভিযোগ করেছেন। গোড়াই হাইওয়ে থানার পরিদর্শক সানোয়ার হোসেন জানান, কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় সকাল ১০টার দিকে দুটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর, নবীনগরের বাইপাইল, চন্দ্রা থেকে জয়দেবপুরের কোনাবাড়ি পর্যন্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর ট্রাক দুটি সরিয়ে নিলে এসব এলাকায় এখন থেমে থেমে গাড়ি চলছে। সারোয়ার হোসেন নামের এক গরু ব্যবসায়ী চন্দ্রা এলাকায় প্রথম আলো ডটকমকে বলেন, তিনি কুষ্টিয়া থেকে গতকাল সন্ধ্যা ছয়টায় রওনা হয়েছেন। আজ বেলা ১১টায় তিনি চন্দ্রায় পৌঁছান। ট্রাকচালক রায়হান বলেন, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত পৌঁছাতে তাঁর চার ঘণ্টা সময় লেগেছে। সাধারণত এটুকু রাস্তায় দেড় থেকে দুই ঘণ্টা লাগে।গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলো ডটকমকে বলেন, গাজীপুরের প্রায় ৯০০ পুলিশ সদস্য ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে কাজ করছেন। তিনি জানান, স্বাভাবিকের চেয়ে রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে টোল আদায় করতে সময় লাগছে। সেখান থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ি চলছে থেমে থেমে। অতিরিক্ত গাড়ির চাপ, সেতুতে টোল আদায়, রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়া—এসব কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি । এদিকে যাত্রী রাসেল মোস্তাফিজ মুঠোফোনে আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধিকে জানান, গত রাতে ১১টার সময় তিনি ঢাকা থেকে রাজশাহীর গাড়িতে ওঠেন। আজ বেলা ১১টায় সময় রাজশাহী পৌঁছান। সাধারণত রাজশাহী পৌঁছাতে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে।