ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। শ্রমসচিব মিকাইল শিপার গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাম্প্রতিক কূটনৈতিক তর্যাপরতা সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে ওবামা প্রশাসনের কর্মপরিকল্পনা সম্পর্কে দীপু মনি বলেন, ‘আমরা তাদের দেওয়া রোডম্যাপকে (পথনকশা) স্বাগত জানাই। এ রোডম্যাপ দেওয়ার অর্থ সুস্পষ্ট, তা হলো যুক্তরাষ্ট্রও দ্রুত এ স্থগিতাদেশ তুলে নিতে চায়। তাদের এ সদিচ্ছাকে স্বাগত জানাই। আমরা সবকিছু বিবেচনা করে দেখব। তারপর আমাদের যে দায়িত্ব-কর্তব্য তা পালন করব।’ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে শ্রমসচিবকে মন্তব্য করতে বলেন। শ্রমসচিব বলেন, ইপিজেডে ট্রেড ইউনিয়নের বিষয়টি ২০০৬ সালের শ্রম আইনে ছিল না। সংশোধিত শ্রম আইনেও বিষয়টি নেই। ইপিজেডের কর্মকাণ্ড একটি অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয়। আর এ অধ্যাদেশের মেয়াদ ২০১৩ সালে শেষ হচ্ছে। এ অধ্যাদেশের মেয়াদ শেষ হলে সেখানকার শ্রমিকেরা সংগঠিত হওয়ার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবেন। তবে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে সরকার এখনো নীতিগত কোনো সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশের শ্রমমানের উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উন্নততর কর্মসংস্থান কর্মসূচি (বেটার ওয়ার্কস প্রোগ্রাম) কবে চালু হচ্ছে জানতে চাইলে শ্রমসচিব বলেন, শ্রম আইন সংশোধনের সময় আইএলওর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। তাদের যেসব শর্ত ছিল সেগুলোর সঙ্গে সমন্বয় করে আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনটি কীভাবে প্রয়োগ করা হবে আইএলও তা দেখতে চায়। এরপর আইএলও কর্মসূচিটি চালু করবে। জিএসপি সম্পর্কের নিয়ামক নয়: যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা স্থগিত হওয়ার বিষয়ে দেশের রাজনীতি কিংবা অন্য কারও প্রভাব আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি দেশের সঙ্গে অনেক বিষয়ে আমরা একমত না-ও থাকতে পারি। এর অর্থ খারাপ সম্পর্ক নয়। ১৯৯২ সাল থেকে শ্রমমান বিষয়ে আলোচনা হয়ে আসছে। ২০০৭ সাল থেকে জিএসপি নিয়ে পর্যালোচনা শুরু হয়। এটি যখন ইতিবাচক পর্যায়ে আসছিল, তখনই রানা প্লাজা ধসের মতো দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনাই জিএসপি স্থগিতের ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পত্রিকায় বিরোধীদলীয় নেতার (খালেদা জিয়া) লেখাও এ সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।’ এ ক্ষেত্রে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘ড. ইউনূস আগে এসব বিষয়ে কথা বলতেন না। এখন বলছেন। আপনারা খুঁজে নিতে পারেন এর সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না।’ গণিতবিভ্রাট!: সম্প্রতি তাঁর বিদেশ সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। দীপু মনি বলেন, ‘আমি এ পর্যন্ত ১১৪ বার বিদেশ সফর করেছি। এর মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দুটি সফরসহ ৩৬টি ছিল ভিভিআইপি সফর। দ্বিপক্ষীয় সফর ছিল ৬২টি। অথচ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আমি দ্বিপক্ষীয় সফর করেছি মাত্র ১৭ বার। এ ধরনের প্রতিবেদন প্রকাশ একান্তই পত্রিকার প্রতিবেদক বা সম্পাদকের গণিতবিভ্রাট।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার প্রতিটি সফর প্রধানমন্ত্রীর অনুমোদিত। প্রতিটি সফরের প্রয়োজনীয়তাসহ সার্বিক দিক বিবেচনা করে তিনি অনুমতি দেন।’ তিনি বলেন, ‘একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর বিদেশ সফরের মাধ্যমেই বহির্বিশ্বের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন। আমাকে আমার কাজ করতে দিতে হবে। অন্য যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা অনেক বেশি। এটি কারও ঈর্ষার কারণ হতে পারে।’চুক্তি না হওয়া ব্যর্থতা নয়: ভারতের সঙ্গে তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়ন না হওয়াটা ব্যর্থতা বলতে রাজি নন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আগে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির সরকার ক্ষমতায় ছিল। কিন্তু তারা তিস্তা বিষয়ে কোনো উদ্যোগ পর্যন্ত নেয়নি। অথচ আমরা এটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। চূড়ান্ত পর্যায়ে আনার কেন ব্যর্থতা হবে!’তিস্তা চুক্তির বিষয়ে দীপু মনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব ধরনের প্রস্তুতি শেষ করে এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত সরকারও এ বিষয়ে আন্তরিক। শুধু তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এটি এখনো ঝুলে আছে।