ইফতার আর মতবিনিময়ের বাইরে কর্মসূচি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের রাজনীতিতে আপাতত বিএনপির কোনো কর্মকাণ্ড নেই। রমজান মাসজুড়ে ইফতার আয়োজন নিয়েই ব্যস্ত থাকবে দলটি। রাজধানীসহ সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় ছয় শতাধিক ইফতার পার্টি হবে দলীয় সূত্র থেকে জানা গেছে।এ ছাড়া দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া মূল দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন।দলের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ঢাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো প্রতিটি থানায় ইফতার মাহফিলের আয়োজনের প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, কূটনীতিক ও সাংবাদিকদের সম্মানে পৃথক পৃথক ইফতার পার্টি দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলও পৃথক ইফতার আয়োজন করবে।অবশ্য বিএনপির নেতারা ইতিমধ্যে বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতায় বলেছেন, ঈদের পর নির্দলীয় সরকারের দাবিতে তাঁরা কঠোর আন্দোলনে নামবেন। কিন্তু দলটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বচানকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী ডিসেম্বরের মধ্যে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। এ জন্য সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি সমমনা দল, সংগঠন, পেশাজীবী ও নাগরিক সমাজকে নির্দলীয় সরকারের দাবিতে একাত্ম করতে এবার বড় পরিসরে ইফতার আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ইফতার কর্মসূচিতে দেশের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়কেন্দ্রিক নেতারা। দলীয় আনুগত্য পোষণকারীদের বাইরে নিরপেক্ষ, কিন্তু সমাজে প্রভাব রাখেন, এমন ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা প্রথম আলোকে জানান, সরাসরি রাজনীতির সঙ্গে নেই, এমন ব্যক্তিরা ভালো পরামর্শ দেন। আর তাঁদের কাছ থেকে মাঠের প্রকৃত অবস্থাও জানা যায়।বিএনপির নেতারা জানান, ইফতার আয়োজনের মাধ্যমে দেশব্যাপী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মাঠপর্যায়ের নেতাদের মতবিনিময় হবে। স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মনোভাবও বুঝতে পারবে দলটি।গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ছাত্রদলের সঙ্গে আলোচনার মাধ্যমে খালেদা জিয়া মতবিনিময় শুরু করেছেন। যুবদলের সঙ্গেও আলোচনা হবে। সংগঠন দুটিকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর অভ্যন্তরীণ সমস্যার সমাধান করে ঈদের পরে সবাইকে মাঠে নামাতে একাধিক ধারায় বিভক্ত কেন্দ্রীয় নেতাদের নিয়ে খালেদা জিয়া পৃথকভাবে মতবিনিময়ের উদ্যোগ নেবেন। এ ছাড়া জেলা পর্যায়ের বিএনপির ইফতারে কেন্দ্রীয় নেতারাও থাকবেন। সেখানে কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে জানান, এ দেশের বেশির ভাগ মানুষ মুসলমান। রোজার সময় ইফতার আয়োজন রীতিতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলো এর বাইরে নয়। ইফতারে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে দেখা হয়, মতবিনিময় হয়। তবে একে রাজনৈতিক বলা যায় না।গতকাল সোমবার রাজনীতিবিদদের সম্মানে ইফতার আয়োজন করেছে বিএনপি। আগামীকাল বুধবার পেশাজীবী নেতারা ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার আয়োজন করেছে দলটি।