জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইফতার বিতরণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে।আজ বুধবার সন্ধ্যায় শোক দিবসের আলোচনা শেষে ইফতার বিতরণ করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় মিলনায়তনে শোক দিবসের আলোচনা শেষে ইফতারের আয়োজন করে। এ সময় ইফতারের প্যাকেট নিতে লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের বাবর ও শ্রাবণ পক্ষের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে কথাকাটাকাটিও হয়। এ ঘটনার জের ধরে ইফতার শুরুর পর বাবর পক্ষের কর্মীরা চাপাতি, রড, লাঠি নিয়ে অবস্থান নেওয়া প্রতিপক্ষের কর্মীদের ওপর হামলা চালায়। এতে রাসেল, জালাল, মর্তুজা, সোহেলসহ পাঁচজন আহত হন। পুলিশ ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান মৌখিকভাবে ঘটনার সঙ্গে জড়িত সঞ্জীব, শাহাদাত্সহ সাতজনকে এক মাস এবং বাবর ও শ্রাবণকে ১৫ দিনের জন্য বহিষ্কার করেন। ছাত্রলীগ সভাপতি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বিকেল চারটায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শোক দিবসের আলোচনা সভা শুরু হয়। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, মো. শাহিনুর রহমান, মো. লুত্ফর রহমান, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রমুখ।