ইফতারির ঢাকাই পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারিন্দার শাহ সাহেব লেনের কাছে জটলা। বেশ কটা রিকশাভ্যানে নানা পদের ভাজা-ভুনা আর ফলফলারি। সঙ্গে নিমকি, জিলাপি, দই আর মাঠাও রয়েছে। একে খাবারের বহর বলা যেতে পারে। এভাবে রমজান মাসের শুরু থেকেই ইফতারির নানা আয়োজন চোখে পড়ে পুরান ঢাকার পথে পথে।ইফতারের খাবারের পদে ঢাকার নিজস্বতা তো আছেই। এর সঙ্গে যোগ হয় কিছু রীতিনীতি। প্রখ্যাত নাট্যকার সাঈদ আহমদের জীবনের সাত রং গ্রন্থে ‘ইফতারি’ শব্দের বদলে ব্যবহার করেছেন ‘রোজা খোলাই’ শব্দটি। এখনো ঢাকার অনেক আদি বাসিন্দাদের মধ্যে এই শব্দটি বেঁচে আছে। রোজা খোলার সামগ্রী আত্মীয়স্বজনের বাড়িতে পাঠানোর রীতিটিও ঢাকায় ‘রোজা খোলাই’ নামে পরিচিত। নতুন বেয়াইবাড়িতে ইফতারি পাঠানোর রেওয়াজ ঢাকাবাসী ধরে রেখেছেন এখনো।পুরান ঢাকায় ইফতারের প্রস্তুতি শুরু হয় মূলত জোহর নামাজের পর থেকে। এ বিষয়ে ঢাকা পাচাশ্ বারস্ পহেলে বইয়ে হাকিম হাবিবুর রহমান লিখেছেন, ঢাকাই গৃহিণীরা জোহর নামাজের পরপরই ইফতারের প্রস্তুতি শুরু করতেন। সে সময় ভেজানো ছোলা থেকে ডাল বের করা হতো। এই ডাল বেটে বানানো হতো ‘ফুলুরি’। আর ছোলার কিছু অংশ রাখা হতো কাঁচা খাওয়ার জন্য।গৃহিণীদের সঙ্গে সঙ্গে বাড়ির কর্তারাও একসময় ফলফলারি কেনায় ব্যস্ত থাকতেন। এখনো জোহর নামাজের পর পুরান ঢাকার অনেক মসজিদ চত্বরে ফলফলারির ঝাঁপি নিয়ে বসেন ফলওয়ালারা। আসরের নামাজ শেষে ইফতারের জন্য সামর্থ্যমতো ফল আর রাস্তার ধারে বসা মাঠাওয়ালার কাছ থেকে মাঠা নিয়ে তবেই গৃহকর্তারা ঘরে ফেরেন।ঢাকার খাদ্যরসিকেরা সব সময় ‘তোলা’ মাঠা কেনায় অগ্রহ দেখান বলে জানান দয়াগঞ্জের ইফতেখার মাহবুব। তিনি বলেন, তোলা মাঠা হলো মাঠাওয়ালাদের মাঠা আনার পর ডেকচিতে থাকা মাখনের স্তর জমা মাঠা। এই মাঠা বেশ ঘন আর চর্বিযুক্ত হয়।ঐতিহাসিক হাকিম হাবিবুর রহমান লিখেছেন, ঢাকার আদি বাসিন্দারা ১০০ বছর আগেও ইফতারির সব আইটেম ঘরে বানাতেন। শুধু পিঠা আর বিশেষ বিশেষ কোনো পদের জন্য ঢাকাইয়ারা চকের ইফতারির বাজারে আসতেন। সে সময় চকে ‘গোলাপি উখড়া’ নামে ইফতারের একটি বিশেষ পদ পাওয়া যেত। এটি শুধু রোজার মাসেই পাওয়া যেত। চকের ইফতারির বাজারে নতুন পদ যোগ করেছিলেন আলাউদ্দিন হালুইকর। তাঁর দোকানে নিমক পারা, সমুচা আর লখনুই শিরমাল প্রথম বেচাকেনা শুরু হয়েছিল।ঢাকায় ইফতারি খাওয়া পর্বটি পালিত হয় বেশ ঘটা করে। পরিবারের সব সদস্য একসঙ্গে বসে ইফতার করেন। মাগরিবের আজানের বেশ আগেই পরিবারের সবাই একসঙ্গে বসে পড়েন। এরপর পরিবারের মুরব্বি বা কর্তারা হাত তুলে মোনাজাত করেন। মোনাজাত শেষ হলে অপেক্ষা আজান শোনার জন্য। আজান কানে আসামাত্রই খেজুর অথবা শরবত দিয়ে ইফতার শুরু করার নিয়ম অনেক দিন ধরেই চলে আসছে।নারিন্দার বর্ষীয়ান বাসিন্দা শফিকুল বারী তাঁর প্রথম ইফতারের স্মৃতিচারণা করে বলেন, ‘তখন আমার বয়স পাঁচ কি ছয়। প্রথম রোজা রেখেছিলাম সেদিন। আমাকে ঘিরে মুরব্বিদের কী উত্তেজনা। আসর নামাজের পর আমাকে পাঞ্জাবি পরানো হলো। পাঞ্জাবি-পায়জামা পরে বাড়িময় দৌড়ে বেরিয়েছিলাম সেদিন। ইফতারের কিছু সময় আগে দাদার সঙ্গে ডালা ভরে মসজিদে ইফতারি দিয়ে আসি। মনে হচ্ছিল, আমি হঠাৎ অনেক বড় হয়ে গিয়েছি। ইফতারের সময় সবার সঙ্গে বসে আজানের জন্য অপেক্ষা। আজান শোনামাত্রই ইফতারি খাওয়া। এখনো সেদিনকার ছবি চোখে ভাসে।’কিছুদিন আগেও ঢাকায় ছোট্ট শিশু যারা রোজা রাখত তাদের সেলামি দেওয়ার রীতি ছিল। বংশালের মুহিবুল ইসলাম বলেন, ‘পঞ্চাশের দশকে আমি প্রথম রোজা রাখি। যেদিন রোজা রেখেছিলাম, সেদিন আমার নিকটাত্মীয়রা প্রায় সবাই এসেছিলেন বাড়িতে। ইফতারের পর সেলামিও উঠেছিল প্রচুর।’ এ বিষয়ে হাকিম হাবিবুর রহমান লিখেছেন, ঢাকায় তিনি রোজাদার বাচ্চাদের মিছিলও দেখেছেন। যারা প্রথম প্রথম রোজা রাখত, তারা দল বেঁধে পাড়াময় মিছিল করে বেড়াত সে সময়। এখন অবশ্য এমনটি দেখা যায় না।রমজান মাসে মসজিদে মসজিদে ইফতারি পাঠানোও একটি পুরোনো রীতি। প্রায় প্রতিটি মসজিদেই বাড়ি বাড়ি থেকে পাঠানো ইফতারি জমা হয়। কোনো কোনো এলাকায় এত ইফতারি জমে ওঠে যে ইফতারের জন্য আলাদা কমিটি গঠন করা হয়। ঢাকার বড় পরিবারগুলো প্রতিদিনই মসজিদে ইফতারি পাঠায়। আবার কেউ কেউ বিশেষ বিশেষ দিনে ইফতারি পাঠান। তবে ২৭ রমজানে মসজিদে ইফতারির পরিমাণ বেশি হয়।পুরান ঢাকায় কোথাও কোথাও ২০ রোজায় খাওয়া হয় কচুশাক আর চাপরি (চালের গুঁড়া দিয়ে বানানো রুটি)। সেদিন দেখা যায়, এলাকার মোড়ে মোড়ে কচু নিয়ে বিক্রেতাদের লাইন। এই প্রথাটি কোথা থেকে এসেছে, তা জানা যায়নি। তবে পুরান ঢাকার নারিন্দা, দয়াগঞ্জ, বাবুবাজার, লালবাগে এ প্রথাটি বেশ জনপ্রিয়।