ইবনে সিনাকে ৫০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ওষুধ কারখানা স্থাপন এবং উত্পাদন-কার্যক্রম পরিচালনার অপরাধে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ওই ওষুধ কারখানাটি ১৮ বছর ধরে পরিবেশ আইন লঙ্ঘন করে ওষুধ উত্পাদন করে আসছিল।পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা গ্রুপের মালিকানাধীন দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৮ বছর ধরে উত্পাদন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে এর জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেয়া হয়নি। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের একটি দল কারখানায় আকস্মিক অভিযান চালিয়ে ছাড়পত্র না থাকার বিষয়টি উদঘাটন করে। ওই সময় কারখানার কর্মকর্তারা কারখানা পরিদর্শনে বাধা দেন এবং তথ্য প্রদানে অসহযোগিতা করেন। তাই আজ রোববার পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে শুনানির দিন ধার্য করে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের আজ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের (এনফোর্সমেন্ট) কাছে লিখিতভাবে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্রবিহীনভাবে কারখানা নির্মাণ ও পরিচালনার জন্য কোম্পানির মহাব্যবস্থাপক ও সেক্রেটারি মোহাম্মদ শহীদ ফারুকি, প্ল্যান্ট ম্যানেজার রফিকুল হক, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার আবদুল খালেক ও ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মমতাজুল করিম শুনানিতে হাজির হয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানাটিকে ৫০ লাখ টাকা জরিমানা করে এ অর্থ আদায় করেন। পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, ‘১৮ বছর ধরে একটি বৃহত্ শিল্পপ্রতিষ্ঠান বেআইনিভাবে পরিচালনা করা পরিবেশ আইন অমান্যের এক নজিরবিহীন ঘটনা। তাই এ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, যাতে সব ক্ষেত্রে পরিবেশ আইনের মান্যতা প্রতিষ্ঠিত হয়। কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের উত্পাদন পরিকল্পনা এবং বর্জ্য ব্যবস্থাপনা-সম্পর্কিত সব তথ্য ও উপাত্ত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।১৩ একর আয়তনের জমিতে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ১৬৮ ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি আলসারেন্ট, অ্যান্টি পাইরেটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ উত্পাদিত হয়।