ইবনে সিনার চিকিৎসকসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবহেলার কারণে শিশুমৃত্যুর মামলায় রাজধানীর ধানমন্ডির বেসরকারি হাসপাতাল ইবনে সিনার একজন চিকিৎসকসহ চারজন কর্মকর্তাকে পুলিশ আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চিকিৎসক সৈয়দ আনোয়ারুল আবেদীন, মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কামরুল হোসেন ও আখতার হোসেন।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুপুরে আনোয়ারুল আবেদীনকে হাইকোর্টের ফটক থেকে ও বাকি তিনজনকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।এর আগে ইবনে সিনার চিকিৎসকসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলায় ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুর পৌনে ১২টার দিকে এ আদেশ দেন। একই সঙ্গে ইবনে সিনার দুই কর্মকর্তা সুলতান মাহমুদ ও তাজুল ইসলামকে আদালতে তলব করা হয়। ১৬ অক্টোবর তাঁদের হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) ও ঘুষের প্রস্তাব নিয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।মৃত নবজাতকের বাবা ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বৈশাখী টেলিভিশন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।এ ছাড়া ওই মামলার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন ধানমন্ডি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও ধানমন্ডি থানার ওসিসহ সংশ্লিষ্টদের ১০ অক্টোবরের মধ্যে দাখিল করতে বলা হয়।এর আগে ২৩ আগস্ট আদালতের দেওয়া নির্দেশনা অনুসারে আজ ধানমন্ডি অঞ্চলের এসি, থানার ওসি মনিরুজ্জামান ও নবজাতকের মা-বাবা আজ আদালতে হাজির হন।এর আগে ১৫ আগস্ট প্রচারিত একটি সচিত্র প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিষয়টি আদালতের নজরে এলে ১৭ আগস্ট ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।