ইবনে সিনার চিকিৎসকসহ ৬ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবহেলার কারণে শিশুমৃত্যুর মামলায় রাজধানীর ধানমন্ডির বেসরকারি হাসপাতাল ইবনে সিনার চিকিৎসক, নার্সসহ জামিন পেয়েছেন ছয় কর্মকর্তা-কর্মচারী। আজ রোববার দুপুরে মহানগর হাকিম ইসমাইল হোসেন দুজনের জিম্মায় দুই হাজার টাকার মুচলেকায় তাঁদের প্রত্যেকের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া ছয়জন হলেন—চিকিৎসক সৈয়দ আনোয়ারুল আবেদীন, মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কামরুল হোসেন ও আখতার হোসেন এবং নার্স আমেনা ও আয়েশা। গত ২৫ আগস্ট ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিনই ইবনে সিনার চিকিৎসকসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলায় ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ১৫ আগস্ট প্রচারিত একটি সচিত্র প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি হাইকোর্টের নজরে এলে ১৭ আগস্ট ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।