ইবনে সিনার সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি হাসপাতাল ইবনে সিনার সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালটির যাত্রা শুরুর সময়ের সম্পদের পরিমাণ ও বর্তমান সম্পদের বিবরণ ১৬ অক্টোবর আদালতে দাখিল করতে বলা হয়।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বেসরকারি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ওই কমিটি গঠন করতে বলা হয়। ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিশিষ্ট চিকিত্সকদের নিয়ে গঠিত ওই কমিটিকে বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, চিকিত্সায় অবহেলাসহ সার্বিক বিষয় তদন্ত করতে বলা হয়েছে। আগামী ১৬ অক্টোবর ওই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এর আগে ১৫ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সচিত্র প্রতিবেদনে চিকিত্সায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিষয়টি আদালতের নজরে এলে ১৭ আগস্ট ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ঘটনার ব্যাখ্যা জানাতে ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের সদস্য ও সংশ্লিষ্ট চিকিত্সকদের ২৩ আগস্ট হাইকোর্টে তলব করা হয়।নির্দেশনা অনুসারে সকালে ইবনে সিনা ট্রাস্ট ও পরিচালনা পর্ষদের সদস্য ও দুই চিকিত্সকসহ সাতজন হাইকোর্টে হাজির হন। তবে অসুস্থতার কারণে ট্রাস্ট্রি চেয়ারম্যান মজিবুর রহমান ও সদস্য আতাউর রহমান বিদেশে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ দুজনের পক্ষে আদালতে এসব বিষয় জানিয়ে আবেদন দাখিল করা হলে চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়। তবে সদস্য আতাউর রহমানসহ অন্য আটজনকে ১৬ অক্টোবর আবার হাজির হতে বলা হয়েছে।আজ বিকেলে এ বিষয়ে শুনানি হয়। শুনানিকালে আদালতে ট্রাস্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে মীর কাসেম আলী, শাহ আবদুল হান্নান, এ এন এম জাহের, চৌধুরী মাহমুদ হাসান, এ কে এম সদরুল ইসলাম, কাজী হারুনুর রশীদ, আইয়ুব মিঞা, চিকিত্সক শাহিদা সুলতানা ও আনোয়ারুল আবেদীন উপস্থিত ছিলেন। শুনানির পর আদালত আদেশ দেন।একই সঙ্গে আদালত শিশুমৃত্যুর ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে বলেছেন। ধানমন্ডি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানাতেও বলা হয়। এ ছাড়া শিশুটির মা-বাবাকে ওই দিন হাজির হতে বলা হয়।আদালতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষে আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।