ইবরার টিপুর সুরে শুভমিতা
কলকাতার জনপ্রিয় শিল্পী শুভমিতা এবার ইবরার টিপুর সুরে দুটি গানে কণ্ঠ দিলেন। দ্বৈত গান দুটিতে শুভমিতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের রিজভী ওয়াহিদ। দুটি গানেরই গীতিকার রবিউল ইসলাম জীবন। গান দুটির শিরোনাম ‘ভাবনার দরজা’ ও ‘চোখেরই পলকে’।ইবরার টিপুর সুর ও সংগীতে নিজের প্রথম একক অ্যালবাম করছেন রিজভী ওয়াহিদ। সেই অ্যালবামে থাকবে এ গান দুটি। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানগুলোর রেকর্ডিংয়ে কণ্ঠ দিয়েছেন শুভমিতা ও রিজভী।এ প্রসঙ্গে সুরকার ইবরার টিপু বলেন, ‘ইচ্ছে ছিল শুভমিতার গানে সুর করার। সে ইচ্ছা পূরণ হওয়ায় আমি অনেক খুশি। রেকর্ডিং শেষে শুভমিতা বলেছেন, গানটির কথা, সুর ও সংগীত আয়োজন তাঁর মনে ধরেছে।’রিজভী ওয়াহিদ বলেন, ‘প্রথম অ্যালবামেই শুভমিতার মতো গুণী শিল্পীর সঙ্গে দ্বৈত গান করতে পেরেছি। এটা আমার জন্য অনেক আনন্দের ও সৌভাগ্যের।’গত বছর রোজার ঈদে প্রকাশিত ‘নীলাম্বরী’ অ্যালবামে বাংলাদেশের গায়ক সৈয়দ শহীদ ও কলকাতার সংগীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ‘এক জীবনে’ গানটি এখন বেশ জনপ্রিয়।