ইবিএল নাইটে আজ বন্যা ও শ্রীকান্তের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা ও ভারতের শ্রীকান্ত আচার্য আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করবেন ‘ইবিএল করপোরেট নাইট’ অনুষ্ঠানে। গতকাল রোববার সকালেই ঢাকায় এসেছেন শ্রীকান্ত। এরপর পুরো দিনটাই বিশ্রাম নিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে শ্রীকান্ত বললেন, ‘নিজের মৌলিক গানের পাশাপাশি পুরোনো দিনের বাংলা গান এবং রবীন্দ্রসংগীত করব। এর মধ্যে নিজের পছন্দের গান থাকবে, আবার শ্রোতাদের অনুরোধও রাখতে হবে। বাংলাদেশে ইদানীং প্রায়ই আসা হচ্ছে, তবে ইবিএল নাইটে এবারই প্রথম গান করব।’ রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, অনুষ্ঠানে তাঁর সুরের ধারার ৫০ জন শিল্পী দুটি রবীন্দ্রসংগীত করবেন। তিনি নিজেও একক গান করবেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান জিয়াউল করিম জানান, ইবিএল নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। এবার তাঁরা গান করার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যা ও শ্রীকান্ত আচার্যকে আমন্ত্রণ জানিয়েছেন। আর পুরো আয়োজনটি আমন্ত্রিত অতিথিদের জন্য।