ইব্রাহিম খালেদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
শেয়ারবাজার-সংক্রান্ত তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ রোববার ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পক্ষে আইন কর্মকর্তা আবদুস সেলিম মিয়া মামলাটি করেন। ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতের বিচারক আলতাফ-উজ জামান মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেন। আগামী ১২ জুন সমন জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। মামলার মূল বিবাদীরা হলেন—শেয়ারবাজার তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, সদস্য চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আবদুল বারী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক তৌফিক আহমেদ চৌধুরী ও আইনজীবী নিহাদ কবির। মামলার মোকাবিলা বিবাদী করা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক, সিটি ব্যাংক এন এ এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা স্টক একচেঞ্জের (ডিইসি) সিইওকে। আরজিতে বলা হয়েছে, সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক গঠিত শেয়ারবাজার তদন্ত কমিটির প্রধান ও অন্য বিবাদীরা তদন্ত শেষে ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি দাখিলের পর বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদনের বিষয়বস্তু এবং বাদী প্রতিষ্ঠানের নামে বিভিন্ন প্রকার মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করা হয়। যার পরিপ্রেক্ষিতে বাদী ও বাদী প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। তাঁরা তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের অংশটুকু অকার্যকর ঘোষণার আবেদন করেন।