ইব্রাহিম খুন হওয়ার কথা বললেন নুরুন্নবীর গাড়িচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা নয়, আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম খুন হয়েছেন। সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছেন। সাংসদের গাড়ির ভেতরে সাংসদের পিস্তলের গুলিতেই ইব্রাহিম খুন হন। এরপর ঘটনা ধামাচাপা দিতে দুর্ঘটনার কাহিনি সাজিয়ে মামলা করা হয়।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে কামাল খুনের কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে।সাংসদের গাড়িচালক কামাল ও ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।এদিকে ঢাকা থেকে ভোলায় ‘টেলি কনফারেন্সে’ সাংসদ নুরুন্নবী বলেন, ‘আমার ড্রাইভারের সাথে দুষ্টামি করতে গিয়ে ইব্রাহিম দুর্ঘটনার শিকার হয়েছে।’ভোলা প্রতিনিধি জানান, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী (শাওন) বলেন, ‘ইব্রাহিম হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি চাই, ইব্রাহিম হত্যার প্রকৃত তদন্ত হোক। কিন্তু আমার প্রতিপক্ষ একটি গ্রুপ রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে একের পর এক কল্পকাহিনি প্রচার করে যাচ্ছে।’ গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে ‘টেলি কনফারেন্সে’র মাধ্যমে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ঘটনার দিন বিকেলে তিনি এমপি হোস্টেলে যান। সেখানে তাঁর কক্ষে এলাকার লোকজনের সঙ্গে কথা বলছিলেন। সন্ধ্যার একটু আগে তাঁর কাছে খবর আসে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছেন। এরপর তিনি ইব্রাহিমকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। ১৫ মিনিটের সংক্ষিপ্ত ফোনালাপে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম ও তজুমদ্দিন উপজেলা কৃষক লীগের নেতা হাফেজ আবুল কালাম।