আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলার তদন্ত সিআইডিতে স্থানান্তর করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রধানমন্ত্রীকে এ বিষয়টি জানিয়েছেন।গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকের শুরুতে সাহারা খাতুন ইব্রাহিম হত্যা মামলার সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করতে গিয়ে এ কথা জানান। বৈঠক সূত্র জানায়, সাহারা খাতুনের এ কথায় প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি।সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে পৌঁছার আগে একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের সঙ্গে ইব্রাহিম হত্যা মামলা নিয়ে কথা বলেন। ইব্রাহিম হত্যাকাণ্ডে সাংসদ নুরুন্নবী চৌধুরী জড়িত নন—ঢাকার পুলিশ কমিশনারের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সঠিকভাবে তদন্তের আশ্বাস দেন।বৈঠক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা আজই যেতে পারে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, ইব্রাহিম হত্যার বিষয়টি তদন্তাধীন, তিনি কোনো বক্তব্য দিতে চান না। তবে আওয়ামী লীগ মনে করে, এ বিষয়ে সঠিক তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকা অবস্থায় বিরোধী দলের কর্মসূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলীয় নেতাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আজ শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য ব্রাসেলস হয়ে নিউইয়র্ক যাবেন। প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ২৯ সেপ্টেম্বর। যাওয়ার আগে তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক করে দেশের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন।প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে।সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রমজান মাস ও ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন।বিরোধী দলের আন্দোলন কর্মসূচির বিষয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, একটা নির্বাচিত সরকারকে পাঁচ বছরের আগে ক্ষমতা থেকে উৎখাতের চিন্তা অসাংবিধানিক। বিরোধী দল সংবিধান ও আইনের শাসন লঙ্ঘিত হয়, এ ধরনের বক্তব্য ও কাজ থেকে বিরত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সরকার ব্যর্থ হয়েছে—বিরোধী দলের এমন বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফ বলেন, ‘সংসদে এসে তারা বলুক আমাদের কোথায় ও কী কী ক্ষেত্রে ব্যর্থতা আছে। সে অনুযায়ী আমরা পরিবর্তন ও পরিমার্জন করব। সঠিক পথে চলার চেষ্টা করব। আশা করি, বিরোধী দল আগামী অধিবেশনেই সংসদে আসবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন, মহীউদ্দীন খান আলমগীর, রাজিউদ্দিন আহমেদ, আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন প্রমুখ। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।২০০৯ সালের ২৬ জুলাই আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর এটি তৃতীয় বৈঠক।