ইব্রাহিম হত্যা মামলায় গ্রেপ্তার মুন্না দুই দিনের রিমান্ডে
আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া যুবলীগের কর্মী নুর হোসেন ওরফে মুন্নাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মনিরা তাঁকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।গতকাল বুধবার সিআইডি মালিবাগ থেকে মুন্নাকে গ্রেপ্তার করে। সিআইডি আজ মুন্নাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, ইব্রাহিম হত্যাকাণ্ডের পর মুন্না একটি মাইক্রোবাস ভাড়া করে ইব্রাহিমের লাশ গুম করার উদ্দেশ্যে সদরঘাট এলাকায় নিয়ে যায়। ইব্রাহিম হত্যার রহস্য ও কার নির্দেশে মুন্না মাইক্রোবাসে করে ইব্রাহিমকে সদরঘাট এলাকায় নিয়ে যায়, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।প্রতিবেদনে আরও বলা হয়, সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের সহযোগী কালার আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে মুন্নাকে সিআইডি গ্রেপ্তার করে।