ইব্রাহিম হত্যা: সাংসদ নুরুন্নবীর সহযোগী মাজহারুল তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর সহযোগী ও যুবলীগের নেতা মাজহারুল ইসলামকে আজ শুক্রবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মাজহারুলকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন উল্লেখ করে সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার খন্দকার আবদুল হালিম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুরের বাসা থেকে মাজহারুলকে গ্রেপ্তার করে। আজ তাঁকে মালিবাগে সিআইডির সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ কর হয়।জিজ্ঞাসাবাদে মাজহারুল ইসলাম জানান, ইব্রাহিম সাংসদ নুরুন্নবীর গাড়িতেই গুলিবিদ্ধ হন। পরে মাজহারুল নিজে মালিবাগ থেকে একটি গাড়ি ভাড়া করে নিয়ে এসে ইব্রাহিমকে ওই গাড়িতে তুলে সদরঘাটের একটি ক্লিনিকে নিয়ে যান। ওই ক্লিনিক ইব্রাহিমকে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করলে মাজহারুল গাড়িটি নিয়ে পালিয়ে যান। গোয়েন্দা পুলিশ এর আগে মাজহারুলকে জিজ্ঞাসাবাদ করেনি।মামলার তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় ১৮ সেপ্টেম্বর এটির তদন্তের ভার সিআইডিকে দেওয়া হয়।ইব্রাহিম আহমেদ গত ১৩ অগাস্ট সাংসদের লাইসেন্স করা পিস্তলের গুলিতে নিহত হন। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই দিন রাতেই সাংসদের গাড়িচালক আবুল কালাম ওরফে কালা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। প্রথমে থানার পুলিশ মামলার তদন্ত শুরু করলেও ১৭ আগস্ট মামলার তদন্ত কার্যক্রম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আসে। পুলিশ তদন্ত করে নিশ্চিত হয় যে ইব্রাহিম খুন হন এবং ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃত্যুর মামলা করেন।তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ৩০ আগস্ট সাংসদের গাড়িচালক কামাল হোসেন ও ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন। ২ সেপ্টেম্বর আবারও ইব্রাহিমের স্বজনদের না জানিয়ে গোয়েন্দা পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করে। সেই মামলায় গাড়িচালক কামাল হোসেন কালা ও ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ওই দিনই তাঁদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে পুলিশ।কামাল তাঁর জবানবন্দিতে উল্লেখ করেন, তিনি ইব্রাহিমকে খুন করেন। এরপর সাংসদের কথামতো তিনি থানায় গিয়ে ডায়েরি করেন। কামাল জবানবন্দিতে আরও বলেন, ইব্রাহিমকে খুনের পর তিনি বোতলের পানি দিয়ে গাড়ির সিট থেকে রক্তের দাগ ধুয়ে ফেলেন। জবানবন্দি দেওয়ার পর কামাল ও সোহেলকে কারাগারে পাঠানো হয়।এর আগে গত ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা করেন। তবে আদালত এই মামলার ব্যাপারে এখনো কোনো নিদের্শনা দেননি।