ইব্রাহিম হত্যা: সাংসদ নুরুন্নবীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী যুবলীগের ৫৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতা ইব্রাহিম আহমেদকে হত্যার অভিযোগে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে আজ বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।মামলার অন্য আসামিরা হলেন—দেলোয়ার হোসেন, কামাল হোসেন ওরফে কালা, মাজহারুল ইসলাম ওরফে মিঠু, মিজান, জীবন, রিটন ও আলম।মহানগর হাকিম শাহাদাত হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একই সঙ্গে বিচারক তাঁর আদেশে উল্লেখ করেন, রাজধানীর শেরেবাংলা নগর থানায় ইব্রাহিমের অপমৃত্যু-সংক্রান্ত একটি মামলা রয়েছে। ওই মামলায় প্রতিবেদন দেওয়ার পর বাদীর এ মামলার বিষয়ে আদেশ দেওয়া হবে। মামলার আরজিতে বলা হয়, ইব্রাহিম আহমেদকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে তাঁর উত্থানে ঈর্ষান্বিত হয়ে আসামিরা হত্যার পরিকল্পনা করে। তাঁরই অংশ হিসেবে ১৩ আগস্ট তাঁকে হত্যা করা হয়। বাদী নিজ ভাই নিহতের বিষয়টি জানতে পেরে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। অভিযোগে আরও বলা হয়, ঘটনা ধামাচাপা দিতে আসামিরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়ির ভেতরে তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে ইব্রাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িচালক কামাল শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তবে নিহত ইব্রাহিমের স্ত্রী রীনার দাবি, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।