ইব্রাহিমসহ বাহিনীর ৪০ জনকে হত্যা করেছে মুন্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় জলদস্যু ইব্রাহিম বাহিনীর তিন সদস্য ছাড়া ইব্রাহিমসহ ৪০ জনকে মুন্সিয়া বাহিনীর ডাকাতেরা হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের কেঞ্জাখালী গ্রামে ইব্রাহিমের বাড়িতে গেলে তাঁর পরিবারের সদস্যরা এ দাবি করেন। এ সময় সেখানে ছিলেন ইব্রাহিমের বাবা মো. ইউনুছ (৫৫), মা সালমা বেগম (৫০), ভাই রহিম (২৫), ইব্রাহিমের স্ত্রী ছালেহা (২৩) ও তাঁর বোন দশম শ্রেণীর ছাত্রী মারজান আকতার (১৫)। ইব্রাহিমের চার ভাইয়ের মধ্যে রহিম বাড়িতে, সাইফুল (৩৫) চট্টগ্রাম ও সুমন (২২) বিদেশে থাকেন। ইব্রাহিমের শাকিল (৫) নামের একটি ছেলে ও চাঁদনী নামের একটি মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী ছালেহা বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।ইব্রাহিমের ভাই রহিম ও বোন আরজু জানান, বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁদের মা ও তাঁরা দুজন দফায় দফায় মুঠোফোনে ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন। দুপুর ১২টায় ইব্রাহিম তাঁর ভাই রহিমকে জানান, তিনি (রহিম) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে বাড়িতে আনার জন্য দ্রুত দমারচরে একটি টেম্পো (যন্ত্রচালিত ছোট নৌকা) পাঠাতে হবে। ইব্রাহিমকে উদ্ধারের জন্য রহিম একটি টেম্পো দমারচরের উদ্দেশে পাঠান। কিন্তু মুন্সিয়া বাহিনী পথ থেকে টেম্পোটি ফেরত পাঠায়।ইব্রাহিমের বরাত দিয়ে রহিম ও বোন আরজু আরও জানান, দমারচরে থাকা ইব্রাহিম বাহিনীর ৩০ জন সদস্যের ওপর মুন্সিয়া বাহিনী হামলা চালায়। খবর পেয়ে ইব্রাহিম কালাম চর থেকে বাহিনীর ১৩ সদস্যকে নিয়ে দমারচরে পৌঁছান। দমারচরে পৌঁছে ইব্রাহিম জানতে পারেন, তাঁর বাহিনীর ৩০ জন সদস্যকে মুন্সিয়া বাহিনী মেরে ফেলেছে। রহিম জানান, এরপর মুন্সিয়া বাহিনী তাঁর ভাই ইব্রাহিমসহ আরও ১০ জনকে মেরে ফেলে। রহিম জানান, ইব্রাহিম বাহিনীর তিন সদস্য মনির (২৬), মানিক (৩১) ও সারোয়ার (৩০) আহত অবস্থায় সোনাদিয়ায় ফিরেছেন। তবে এঁদের কারও বাড়ি হাতিয়ায় নয়। ইব্রাহিমের বোন আরজু জানান, বুধবার দুপুর ১২টার পর ইব্রাহিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একটা ৫৯ মিনিটে তিনি (আরজু) মুন্সিয়াকে ফোন করে তাঁর ভাইয়ের প্রাণভিক্ষা চান। প্রত্যুত্তরে মুন্সিয়া আরজুকে বলেন, ‘ইব্রাহিমের প্রাণভিক্ষা দেওয়া হবে না। তোর বাকি ভাইদেরও মেরে ফেলা হবে। তোকে তুলে আনা হবে। এসব ঘটনায় মামলা করা হলে তোদের পরিবারের সবাইকে মেরে ফেলা হবে।’ রহিম জানান, তিনি জানতে পেরেছেন, তাঁর ভাই ইব্রাহিম ও সন্দ্বীপের মাসুদ বাহিনীর প্রধান মাসুদকে বুধবার রাতে দমারচরে মাটিচাপা দেওয়া হয়। সোমবার ও বুধবার ইব্রাহিম বাহিনী ও মুন্সিয়া বাহিনীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও হতাহতের ব্যাপারে গতকাল বিকেলে মুন্সিয়া বাহিনীর প্রধান মুন্সিয়ার মুঠোফোনে কল করা হলে তিনি প্রথম আলোকে জানান, তাঁর বাহিনীর সঙ্গে কারও সংঘর্ষ বা গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। ইব্রাহিমের বন্ধু সন্দ্বীপের মাসুদের বাহিনীর সঙ্গে ইব্রাহিম বাহিনীর অন্তর্দ্বন্দ্বের কারণে তাদের দুই বাহিনীর মধ্যে সোম ও বুধবার ভোরে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নিহত হয়েছে। চর কালাম ও দমারচরে ইব্রাহিম বাহিনী ও মুন্সিয়া বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে গতকাল সন্ধ্যায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। গোলাগুলির সময় হতাহতের ব্যাপারে জানতে চাইলে হাতিয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শফিক আহমেদ বলেন, তাঁর কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।