ইব্রাহিমের মৃত্যু নিয়ে কেন এত লুকোচুরি, স্ত্রীর প্রশ্ন
আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদের মৃত্যুর ব্যাপারে পুলিশ সত্য আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রীনা ইসলাম।রীনা প্রশ্ন করেন, ‘শুক্রবার ইব্রাহিমের লাশ দীর্ঘক্ষণ মর্গে পড়ে থাকল। শুক্রবার সারা রাত কেউ জানল না ইব্রাহিম কীভাবে মারা গেল? কীভাবে গুলি লাগল? আর এর মধ্যেই অপমৃত্যু মামলা দায়ের করে বসে থাকলেন এমপি সাহেবের চালক। কেন এই লুকোচুরি?’এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শেরেবাংলা নগর থানার একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে অপমৃত্যু মামলা নিতে পুলিশ প্রথমে আপত্তি জানিয়েছিল। পরে চাপের মুখে পুলিশ মামলা নিতে বাধ্য হয়। একজন প্রতিমন্ত্রীর চাপে পরিবারের সদস্যদের কিছু না জানিয়েই পুলিশ সাংসদের গাড়িচালককে বাদী করে মামলা নেন। এ মামলায় অনেক অসংগতি রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনাটিকে দুর্ঘটনা উল্লেখ করে অপমৃত্যু মামলার সূত্র ধরেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এ মামলার বিবরণকে ‘শিশুতোষ গল্প’ হিসেবে অভিহিত করেছে ইব্রাহিমের পরিবার।গত শুক্রবার রাতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায় কয়েকজন লোক। এরপর শুক্রবার রাতেই ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেনের অভিযোগের ভিত্তিতে অপমৃত্যু মামলা নেয় শেরেবাংলা নগর থানা। অথচ শুক্রবার সারা রাতই তাঁর পরিবারের কেউ জানত না কোথায়, কীভাবে গুলি লেগে নিহত হলেন ইব্রাহিম। মামলায় বলা হয়, সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়ির ভেতর সাংসদের লাইসেন্স করা পিস্তল নিয়ে নাড়াচাড়া করার সময় গুলি বের হয়ে মারা যান ইব্রাহিম।এ মামলার বিষয়ে ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলামের দাবি, এটা একটা শিশুতোষ গল্প। তিনি মামলা করতে গেলেও পুলিশ নেয়নি। রীনা প্রথম আলোকে বলেন, ‘বলা হচ্ছে ঘটনার সময় নুরুন্নবী সাহেব গাড়ির কাছে ছিলেন না। যখন তিনি গাড়িতে ছিলেন না, তখন নিশ্চয়ই কারও না কারও জিম্মায় পিস্তলটা দিয়ে গিয়েছিলেন। গুলিভর্তি পিস্তল তো আর যেখানে-সেখানে ফেলে রেখে যাওয়ার জিনিস না। সেই পিস্তল ইব্রাহিম কোথায় পেল। আর সেটা নিয়ে নাড়াচাড়াই বা করতে যাবে কেন? পিস্তল তো খেলনা না।’ তিনি মামলার বাদী গাড়িচালক ও সাংসদের সহকারীদের গ্রেপ্তারের দাবি জানান।গত রোববার শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলার অভিযোগের অনুলিপি নিতে পারেননি রীনা ইসলাম। এমনকি তাঁকে মামলাও করতে দেয়নি পুলিশ। গতকাল কয়েকজন সংবাদকর্মী থানায় গেলেও এজাহার সম্পর্কে যথেষ্ট তথ্য দেয়নি পুলিশ।এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, তদন্ত চলছে। আদালতের আদেশ পাওয়ার পর জব্দ করা পিস্তল, গুলিসহ বিভিন্ন আলামত যেমন আঙুলের ছাপ, নিহতের ডিএনএ পরীক্ষা ইত্যাদির জন্য নমুনা পাঠানো হবে। এসব পরীক্ষার পর ঘটনা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।ওসি জানান, যে মাইক্রোবাসে ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হয়েছিল, সে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। সাংসদ নুরুন্নবীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং হচ্ছে। মামলা তদন্তে কোনো ফাঁক রাখা হচ্ছে না।এদিকে শেরেবাংলা নগর থানার আরেকজন কর্মকর্তা জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, সংসদ ভবন এলাকার ৬ নম্বর ব্লকে ঘটনাটি ঘটেছে। কিন্তু ওই এলাকায় ওই দিন এ ধরনের কোনো ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। আশপাশে লোকজন থাকলেও তারা কেউই এ রকম কোনো ঘটনা সম্পর্কে তথ্য দিতে পারেনি।এ বিষয়ে প্রশ্নের জবাবে ওসি বলেন, জায়গাটি তো অভিযোগেই উল্লেখ রয়েছে। এখন ওটাকে খুঁজে না পাওয়ার কিছু নেই।