ইব্রাহিমের হত্যার ঘটনা তদন্ত করে বিচার করা হবে: হানিফ
নিহত যুবলীগের কর্মী ইব্রাহিমের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মহাখালীতে পর্যটন করপোরেশনের হোটেল অবকাশে শোক দিবসের আলোচনা সভায় আজ শুক্রবার মাহবুব উল আলম হানিফ এ কথা জানান। উল্লেখ্য, সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে ১৩ আগস্ট ইব্রাহিম নিহত হন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে—বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২২ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যা করা হয়েছে।আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী, পঁচাত্তরের ঘাতক ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা একই সূত্রে গাঁথা। সভাপতির বক্তব্যে ওলামা লীগের সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, এ দেশের হাক্কানি ওলামারা কখনোই স্বাধীনতাবিরোধী ছিলেন না। যুদ্ধাপরাধী রাজাকার, আল-বদর ও আল-শামসরাই আজ জঙ্গিবাদের সৃষ্টি করছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমানুর রশিদ প্রমুখ।