ইভ টিজিং কলুষিত সমাজের বহিঃপ্রকাশ: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া বলেছেন, ইভ টিজিং আমাদের কলুষিত সমাজের বহিঃপ্রকাশ। গত ৪০ বছরে মাত্র ১০ বছর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিল। বাকি ৩০ বছর শাসকেরা যুব সমাজকে নষ্ট করেছে। তিনি আজ ফরিদপুরের মধুখালীতে বখাটের মোটরসাইকেলের চাপায় নিহত হওয়া চাঁপা রানী ভৌমিকের বাড়িতে গিয়ে এ কথা বলেন।মন্ত্রী বলেন, বর্তমান সরকার জাতিকে নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তিনি আরও বলেন, একসময় এসিড সন্ত্রাসও ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। কঠোর আইনের কারণে ওই ধরনের সন্ত্রাস অনেকটাই বন্ধ হয়েছে। ইভ টিজিং বন্ধেও কঠোর আইন করা হবে। তিনি একে সামাজিক ও জটিল সমস্যা হিসেবে অ্যাখ্যায়িত করেন। মন্ত্রী নিহত হওয়া চাঁপা রানীর বড় মেয়ের স্বামীকে চিনিকলে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিত্ বিশ্বাস এবং ফরিদপুরের চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমল কান্তি সরকারকে নির্দেশ দেন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। মন্ত্রী চাঁপার পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া ওই পরিবারকে লন্ডন থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশির দেওয়া ৫০ হাজার টাকা, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দীলিপ কুমার রায়ের দেওয়া ১০ হাজার টাকা এবং রাজবাড়ি-২ আসনের সাংসদ জিল্লুর হাকিমের দেওয়া পাঁচ হাজার টাকা দেওয়া হয়।