ইভ টিজিং কেড়ে নিল প্রাণ
ইভ টিজিংয়ের ঘটনায় প্রাণ দিতে হলো শিক্ষক মিজানুর রহমান ও এ ক মা চাঁপা রানী ভৌমিককে । ইভ টিজিংয়ের অপরাধ এখন খুন পর্যন্ত গড়েছে । পুরো জাতি আজ স্তব্দ । ইভ টিজিং বলতে আমরা যেকোনো বয়সের নারীর প্রতি অশোভন আচরণ, অঙ্গভঙ্গি, কটূক্তি ইত্যাদিকে বুঝে থাকি। ইভ টিজিং শব্দের প্রতি অনেক নারী সংগঠনের আপত্তি রয়েছে। কারণ তারা মনে করে, শব্দটি নারীর প্রতি অবমাননাকর। বাইবেলে বর্ণিত নারী ‘ইভ’ শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত এবং এ নারী ইভই আদমকে প্ররোচিত করেছিল। এখন ওই ইভদের (নারীদের) প্রতি ইভ টিজিং বুমেরাং হয়েছে। সাধারণত পুরুষতান্ত্রিক সমাজে ছেলেদের হরমন পরিবর্তনজনিত কারণে কৈশোরে ও যৌবনের প্রারম্ভে ইভ টিজিংয়ের মতো সামাজিক ও আইনি আপরাধে লিপ্ত হয়ে থাকে। অনেক সমাজবিজ্ঞানীর মতে, এ এক ধরনের বয়োঃসন্ধিক্ষণের দোষ। এখানে উল্লেখ করা প্রয়োজন, কোনো নারীকে জাপটে ধরলে, চুমু খেলে বা কোনো স্পর্শকাতর অঙ্গে হাত দিলে তা ইভ টিজিং নয় বরং সেক্সচুয়াল হেরেজমেন্ট বা শ্ল্লীলতাহানি সংজ্ঞাভুক্ত হবে। এ ধরনের শ্লীলতাহানি বা সেক্সচুয়াল হেরেজমেন্টের জন্য আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় শাস্তির বিধান রাখা হয়েছে। ইভ টিজিং এক ধরনের সেক্সচুয়াল হেরেজমেন্ট হলেও ইভ টিজিং আমাদের নারী ও শিশু আইনের ১০ ধারার অন্তর্ভুক্ত কোনো অপরাধ নয়। এ আইনের মাধ্যমে ইভ টিজারকে শাস্তি দেওয়া যাবে না। ১০ ধারায় উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশে তার শরীরের কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌনাঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করে বা কোনো নারীর শ্ল্লীলতাহানি করে তাহলে তার এ কাজ হবে যৌন নিপীড়ন এবং তার জন্য ওই ব্যক্তি অনধিক ১০ বছর কিন্তু অন্যূন তিন বছরের সশ্রম কারাদণ্ড হবে এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এই ধারায় শ্লীলতাহানির মাধ্যমে যৌন পীড়নের কথা উল্লেখ করা হয়েছে। ইভ টিজিং এই ১০ ধারার সংজ্ঞাভুক্ত নয়। একই আইনের ৯(ক) ধারায় উল্লেখ আছে, কোনো নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কার্য দ্বারা সম্ভ্রমহানি হওয়ার কারণে কোনো নারী আত্মহত্যা করলে ওই নারীকে অনুরূপ কার্য দ্বারা আত্মহত্যা করতে প্ররোচিত করানোর অপরাধে অপরাধী হবে এবং ওই অপরাধের জন্য সে অনধিক ১০ বছর কিন্তু অন্যূন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হবে এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ ধারাটি প্রযোজ্য হবে, যদি কোনো নারী ইভ টিজিংয়ের কারণে আত্মহত্যা করে, শুধু সে ক্ষেত্রে। অর্থাৎ নারী ও শিশু আইনে এক অর্থে ইভ টিজিংকে অপরাধ হিসেবে গণ্য করে কোনো শাস্তির বিধান রাখা হয়নি। আমাদের দণ্ডবিধির ২৯৪ ও ৫০৯ ধারা এবং পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারা অনুসারে ইভ টিজিংকে আইনি অপরাধের আওতায় আনা যায়। এসব আইনের কোনো ধারায় ইভ টিজিং শব্দটি ব্যবহার করা হয়নি। দণ্ডবিধির ২৯৪ ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্যের বিরক্ত সৃষ্টি করে, কোনো প্রকাশ্য স্থানে কোনো অশ্লীল কার্য করে, অশ্লীল গান বা পদাবলি গায়, আবৃত্তি বা উচ্চরণ করে, তবে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। মোবাইল কোর্ট আইন-০৯-এর মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তাঁর সামনে ওই ধারার অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে। দণ্ডবিধির ৫০৯ ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো শব্দ, অঙ্গভঙ্গি, কার্টুন প্রদর্শনের মাধ্যমে কোনো নারীর শ্লীলতাহানি ঘটায়, তাহলে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি এক বছর বিনাশ্রম কারাদণ্ড বা জমিমানা বা উভয়দণ্ড হতে পারে। আইনে উভয় ধারাকে জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো রাস্তা বা সাধারণের ব্যবহার্য স্থান থেকে স্বেচ্ছায় বা অশালীনভাবে তার দেহ কোনো নারীকে প্রদর্শন করায় বা এর মাধ্যমে কোনো নারীকে উৎপীড়ন করে বা পথরোধ করে বা অশালীন ভাষা ব্যবহার করে বা অশ্লীল আওয়াজ, অঙ্গভঙ্গি বা মন্তব্য করে কোনো নারীকে অপমান বা বিরক্তি সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তির এক বছর কারাদণ্ড বা ২০০০ টাকা জমিমানা বা উভয়দণ্ড হতে পারে। পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারায় অশালীন বা উচ্ছৃঙ্খল আচরণের জন্য তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।হাইকোর্ট বিভাগ যৌন হয়রানির সংজ্ঞা প্রদান করে যৌন হয়রানি সন্ধন্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য নিদের্শনা দিয়েছেন এবং প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ দায়ের ও তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। ওই রায়ে ইভ টিজিংকেও যৌন হয়রানির সংজ্ঞাভুক্ত করা হয়েছে। কার্যকরভাবে ইভ টিজিং নামক সামাজিক ব্যাধির প্রবণতা কমাতে হলে শাস্তির পরিমাণ বৃদ্ধিসহ ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর সংশোধন করে ১০(ক) নামে নতুন ধারা সংযোজন করে ইভ টিজিংয়ের সংজ্ঞা ও শাস্তির বিধান করা যেতে পারে। লেখক বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া