ইভ টিজিং প্রতিরোধে শপথ নিলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ইভ টিজিং প্রতিরোধে শপথ নিলেন কলেজ ও স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী। গত ৩০ অক্টোবর শনিবার ‘ইভ টিজিংকে না বলুন’ স্লোগান সামনে রেখে মানবাধিকার সংস্থা ফ্রেবের উদ্যোগে অনুষ্ঠিত মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে পৃথক সমাবেশে শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে।সমাবেশে শিক্ষার্থীরা বলে, ইভ টিজিংয়ের প্রতিবাদকারী নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের মধুখালীর চাঁপা রানী ভৌমিকের মতো আর কোনো লাশ দেখতে চাই না। এই হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই। টিজিংয়ের শিকার হয়ে অনেকেই বিচার না পেয়ে এ থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নেয়। তাই এটি এখন সমাজের ঘাতক ব্যাধিতে পরিণত হয়েছে। সমাবেশে মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তৌহিদা বলে, সবাই ভাবে ভবিষ্যতে মেয়েরা মা-বাবাকে ভরণপোষণ দিতে পারে না, বিয়ে করে যৌতুক এনে দিতে পারে না। সমাজে নানাভাবে মেয়েরা নির্যাতিত হচ্ছে। এটা থেকে পরিত্রাণ পেতে চাই।মহেশখালী মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের সমাবেশে নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের মধুখালীর চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন। ইভ টিজিং থেকে বাঁচার নানা উপায় ও তা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন মানবাধিকার সংস্থা ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলম। বঙ্গবন্ধু মহিলা কলেজের ছাত্রী জান্নাত বেগম বলেন, ইভ টিজিং প্রতিরোধে নারীসমাজকে এগিয়ে আসতে হবে। মেয়েরা ঐক্যবদ্ধ না হলে ইভ টিজিং প্রতিরোধ করা সম্ভব নয়।বিকেলে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলে, ‘আমরা শুধু আদর্শ নারী হতে চাই না, আমরা মানুষের মতো মানুষ হতে চাই।’ একই বক্তব্য সমর্থন করেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজেম উদ্দিন।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন বলেন, ইভ টিজিং প্রতিরোধে কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হচ্ছে। তবে এলাকায় বিচ্ছিন্নভাবে ইভ টিজিংয়ের কয়েকটি ঘটনা ঘটলেও পরে ঘটনার সঙ্গে জড়িত বখাটে যুবকদের গ্রেপ্তার করা হয়েছে।