ইভ টিজিং রুখতে একজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের লাশঘরের সামনে এক মায়ের আহাজারি। পেছনে স্ট্রেচারে চিরনিদ্রায় শুয়ে আছে আদরের মেয়ে। চোখের পাতা ভিজে আসে সংবাদপত্রে ছাপা ছবিটি দেখে। কিন্তু চোখের পাতা ভিজলেই কি লাশঘর থেকে ফিরে আসবে পিংকি কিংবা ইলোরা? ইভ টিজিংয়ের নিকষ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে এক-একটি জীবন। পাড়ার মোড়ে যে উত্ত্যক্ততার শুরু হয়েছিল, তার শেষ পরিণতি লাশঘর। এভাবেই কি হারিয়ে যেতে থাকবে এক-একটি প্রাণ? ‘না, চাই প্রতিবাদ, চাই প্রতিরোধ, চাই উপযুক্ত শাস্তি।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদুলা বৈদ্য। আরও যোগ করলেন ঢাবির শিক্ষার্থী তারিন মোস্তাফা, ‘একতরফাভাবে ইভ টিজিং চলতে দেওয়া যায় না। দরকার নারীর একতা। দরকার ঘুরে দাঁড়ানোর শক্তি।’এ প্রজন্মের প্রায় সবার মুখেই ইভ টিজিংবিরোধী স্লোগান। সবাই চাইছে, নারীর প্রতি এই অসম্মানের বিচার হোক। ৮ মে শনির আখড়ায় শহররক্ষা বাঁধের ওপর হাতে হাত রেখে সারবেঁধে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও ইভ টিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ইভ টিজিংবিরোধী মানববন্ধন হচ্ছিল সেখানে। নারী-পুরুষনির্বিশেষে সারিতে দাঁড়িয়েছে একযোগে। কারও বুকের কাছে সরব হওয়ার আহ্বান, আবার কারও বুকের কাছে ঝুলছে বিচারের দাবি।পিছিয়ে নেই ভার্চুয়াল-জগৎ। সরব ব্লগ সাইটগুলো। সরব ফেসবুকের স্ট্যাটাস। রুখে দাঁড়ানোর আভাস ফেসবুকের গ্রুপগুলোতেও। সম্প্রতি ফেসবুকে গড়ে উঠেছে ইভ টিজিংবিরোধী গ্রুপ উই আর অ্যাগেইনস্ট ইভ টিজিং। ফেসবুকে গ্রুপটির সূত্রেই শনির আখড়ার এরই মানববন্ধন।মানববন্ধনে সবাই হাতে হাত ধরে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের বুকের কাছে ধরা প্লাকার্ড। চৌকোনা প্লাকার্ডের প্রতিটি অক্ষর থেকে ঝরে পড়ছে নারীর প্রতি করা অসম্মানটুকুর দায়ভার। মানববন্ধনে দাঁড়ানো সায়মা জ্যোতি জানান, ‘আমরা নীরব বলেই কাপুরুষেরা সুযোগ নিচ্ছে।’মানববন্ধনের আয়োজক ছিল দনিয়া সাংস্কৃতিক জোট। জোটের বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে চলে প্রচারণা। সংগঠনগুলো হলো আরজ আলী মাতুব্বর পাঠাগার, জাহানারা ইমাম স্মৃতি পাঠাগার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, অন্তরদৃষ্টি: শিশু-কিশোর বন্ধু, অগ্নিশিখা, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রজোট প্রভৃতি। আরজ আলী মাতুব্বর পাঠাগারের সভাপতি পারভেজ আলম জানান, ‘একের পর এক অঘটন ঘটে চলেছে। স্কুল-কলেজগামী ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশাসন, সুশীল সমাজ, অভিভাবকদের মনে শঙ্কা। আমাদের জোটভুক্ত সংগঠনের মাধ্যমে ইভ টিজিংবিরোধী সচেতনতামূলক কাজ করা হচ্ছে।’মানববন্ধন থেকে জোটটি নির্যাতিত ও প্রতিবাদকারীকে হত্যার বিচার, সামাজিক সচেতনতা বাড়ানো, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোসহ মোট ছয়টি বিষয় উপস্থাপন করে। দনিয়া সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দনিয়া, শনির আখড়া, কাজলা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হচ্ছে। নিয়মিতভাবে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সফল কর্মসূচি পালিত হয়েছে।অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইভ টিজিং বিষয়ে কর্তৃপক্ষের ভূমিকার কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক দেবাশীষ কুমার কুণ্ডু। তিনি জানান, যৌননিপীড়নবিরোধী আইনের বাস্তবায়ন এখন সময়ের দাবি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণ করা যেতে পারে। আবার ইভ টিজিংয়ের শিকার নারীটির নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে।ইভ টিজিং শুধু নারীর জন্য অসহনীয় ব্যাপার নয়, পরিবারের সবার পক্ষেই এটি পীড়াদায়ক। ইতিমধ্যে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে হত্যার মতো ঘটনাও ঘটেছে। গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী উম্মে হাবিবা বলেন, সরকার ইতিমধ্যে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রযুক্তিপণ্যের মাধ্যমে ইভ টিজিং রোধ করার কোনো ব্যবস্থা সেখানে নেই। উম্মে হাবিবা আরও জানান, মুঠোফোনের সংযোগে টাকা রিচার্জ করতে গিয়ে তিনি বার কয়েক বিড়ম্বনায় পড়েছেন। টাকা রিচার্জের জন্য সংযোগ নম্বর দিয়ে আসাতেই ভোগান্তি। দোকান থেকে বাসায় আসার আগেই ফোন পেয়েছেন এলাকার উঠতি বয়সীদের।প্রধানমন্ত্রী ইভ টিজিং বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্রসচিব বরাবর পাঠানো হয়েছে নির্দেশনা। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং বন্ধে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সিরাজুল ইসলাম।