ইভ টিজিং রোধে পঞ্চগড়ে ব্যতিক্রমী উদ্যোগ
বিদ্যালয় ছুটি হলে প্রতিদিন সব ছাত্রী এক সারিতে সুশৃঙ্খলভাবে বের হয়। সামনে নেতৃত্ব দেন দুই শিক্ষক। সড়কের একপাশ দিয়ে হেঁটে কিছু দূর গিয়ে সারিটি ভেঙে যায়। ছোট ছোট দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা চলে যায় নিজ নিজ বাড়িতে। বখাটেদের উত্ত্যক্ততা (ইভ টিজিং) ও দুর্ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে।সদর উপজেলার চাকলাহাট সড়কের পাশে টুনিরহাট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের পাশে টুনিরহাট বাজার, সাব-রেজিস্ট্রি অফিস ও সিনেমা হল। পরিবেশগত কারণেই বিদ্যালয়ের আশপাশে বখাটেসহ বিভিন্ন ধরনের মানুষের ভিড় লেগে থাকে। থাকে রিকশাভ্যানসহ নানা যানবাহনের আনাগোনা। এসব কারণে বিদ্যালয়ে যাতায়াতের সময় ছাত্রীরা প্রায়ই ইভ টিজিং ও দুর্ঘটনার শিকার হচ্ছিল। একপর্যায়ে প্রধান শিক্ষক ছুটির পর ছাত্রীদের সারিবদ্ধ হয়ে বাড়ি যাওয়ার এ নিয়ম চালু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম বলেন, ‘ইভ টিজিংয়ের কিছু ঘটনা ও বিভিন্ন দুর্ঘটনা ঘটার পর শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এক বছর আগে এই নিয়ম চালু করি। ছুটির পর ছাত্রীরা এক সারিতে বের হয়। সামনে দুজন শিক্ষক থাকেন।’ তিনি জানান, বিদ্যালয়ে আসার সময়ও বিভিন্ন এলাকার ছাত্রীরা মিলে একইভাবে সারিবদ্ধ হয়ে আসে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ওই বিদ্যালয় ছুটি হয়। এ সময় দুই শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের সব ছাত্রী সারিবদ্ধভাবে বের হয়ে আসে। চাকলাহাটগামী পাকা সড়কের পাশ দিয়ে সারিটি এগিয়ে যায়। টুনিরহাট বাজার থেকে তিন দিকে তিন সড়ক গেছে। ছাত্রীরা এবার তিন ভাগ হয়ে তিন দিকে চলে যায়। লাইনের সামনে থাকা শিক্ষক পুতুল রানী বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন এভাবে বাড়ি ফেরায় কেউ আর ইভ টিজিং করার সাহস পায় না। দুর্ঘটনার আশঙ্কাও অনেক কমে গেছে। নবম শ্রেণীর ছাত্রী টুনিরহাট বাজারের পূর্ব পাশের বাসিন্দা শামীমা ইয়াসমিন বলেন, ‘লাইন ধরে স্কুল থেকে ফেরার ফলে বাজারের লোকজন কোনো খারাপ কথা বলার সাহস পায় না। আগে একা স্কুলে যাওয়া-আসা করার সময় অনেক বিশ্রি মন্তব্য শুনতে হতো।’দশম শ্রেণীর ছাত্রী ফারজানা জানায়, লাইন ধরে বাড়িতে আসতে ভালো লাগে। বাজার বা সিনেমা হলের সামনে কেউ খারাপ কথা বলতে পারে না। অভিভাবক মো. কছিমউদ্দিন বলেন, ছাত্রীদের বাড়ি ফেরার এই নিয়ম করায় এখন আর কোনো দুশ্চিন্তা নেই। টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সেলিমউদ্দিন বলেন, ইভ টিজিং ও দুর্ঘটনা এড়াতে ওই বিদ্যালয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। সারিবদ্ধ হয়ে ছাত্রীদের বাড়ি ফেরা দেখতেও ভালো লাগে। জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘বিদ্যালয়টি আমি পরিদর্শন করেছি। বিদ্যালয়ে ছাত্রীদের যাতায়াতের এই নিয়ম চালু করায় সেখানে শিক্ষার পরিবেশের বেশ উন্নতি হয়েছে।’ জেলা প্রশাসক মনমালী ভৌমিক বলেন, ‘ছুটির পর ওই বিদ্যালয়ের ছাত্রীদের সারি বেঁধে যাওয়া দেখেছি। ইভ টিজিং রোধে আমরা যেসব উদ্যোগ নিচ্ছি, এর মধ্যে এটিও একটি।’