ইভ টিজিং রোধে মোবাইল কোর্ট যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ইভ টিজিংয়ের মতো অপরাধ দমনের জন্য মোবাইল কোর্ট যথেষ্ট নয়। এ জন্য সরকার আগামী সংসদে একটি আইন করতে যাচ্ছে। আইনটি প্রণীত হলে এর কঠোর প্রয়োগ এবং সামাজিক আন্দোলন দুটোই যুগপত্ভাবে চলবে।আজ শনিবার রাজধানীর শিশু একাডেমী প্রাঙ্গণে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত যৌন হয়রানি প্রতিরোধে চেঞ্জমেকারসহ নাগরিক সমাবেশে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, ইভ টিজিং রোধে পরিবারের কর্তাদের মন ও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সব দিক থেকে শুধু মেয়েদের দিকে আঙুল তুললে হবে না। ছেলেটা কী অপরাধ করছে সেটাও দেখতে হবে। তার দিকেও আঙুল তুলতে হবে।সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সাত লাখ লোককে সদস্য বানিয়েছে। এটা একটা বিরাট অর্জন। এটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। পরিবার মেয়েদের প্রতি যে মনোভাব পোষণ করে, তার পরিবর্তন ঘটাতে হবে। এ ছাড়া সব উদ্যোগেই নারী এবং পুরুষের সমান প্রতিনিধিত্ব রাখার আহ্বানও জানান তিনি।আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ক্যাম্পেইনের সভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে এই সমাবেশে মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহজামান রাজসহ অন্যরা উপস্থিত ছিলেন।