ইভ টিজিং রোধে ১০ তরুণের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং যখন সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে ঠিক তখনই জয়পুরহাট জেলার অজপাড়াগাঁয়ের ১০ যুবক সাইকেলে করে রাজশাহী বিভাগের আটটি জেলায় ইভ টিজিং প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বের হয়েছেন। জয়পুরহাট শহর থেকে ১০ কিলোমিটার দূরের সদর উপজেলার ভাদসা উচ্চবিদ্যালয় মাঠ থেকে তাঁরা যাত্রা শুরু করেন।২৩ অক্টোবর জয়পুরহাট জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ওই ইভ টিজিং-বিরোধী শোভাযাত্রাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ভাদসা সদরের ধূমকেতু নামে একটি সংগঠনের ওই ১০ যুবক নিজেদের দায়িত্ববোধ থেকেই সিদ্ধান্ত নেন ইভ টিজিং-বিরোধী সচেতনতা সৃষ্টির জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং-বিরোধী লিফলেট ও স্টিকার বিতরণ, যুব সমাজকে ইভ টিজিংয়ের বিরুদ্ধে উদ্বুদ্ধকরণ, ছাত্রী ও নারীদের স্বনির্ভর করতে উৎসাহিত করা এবং রাজশাহী বিভাগের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইভ টিজিং-বিরোধী ডিজিটাল ফেস্টুন ঝোলানোর কাজ করবেন।ভাদসা উচ্চবিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ওই তরুণেরা কেউ লেখাপড়া করছে বিশ্ববিদ্যালয়ে, আবার কেউ পড়ছে বিভিন্ন কলেজে। দলনেতা শাহজাহান আলী জানান, ভাদসা গ্রামে তাঁরা ধূমকেতু নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। বখাটেদের উত্ত্যক্ত করাটা সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাঁরা মনে করেন, আইনের পাশাপাশি সামাজিকভাবে জনসচেতনতা সৃষ্টি করেই বখাটেদের প্রতিহত করতে হবে। তাই তাঁরা যতটুকু সম্ভব সেই দৃষ্টি থেকেই ইভ টিজিং প্রতিরোধে ভবিষ্যতেও কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ১০ তরুণ হলেন, ভাদসা গ্রামের শাজাহান আলী, দলনেতা জীবন কুমার দাস, তৌফিক আলম, খোরশেদ আলম, নির্মল চন্দ্র বর্মণ, রিপন কুমার, কমল চন্দ্র দাস, অরূপ কুমার, দোলন হোসেন এবং আলম হোসেন। তাঁদের যাত্রা শুরুর প্রাক্কালে বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর হাসান ভুইয়া, অধ্যক্ষ খাজা শামসুল আলম, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আব্বাস আলী মণ্ডল, ভাইস চেয়ারম্যান আ স ম মোক্তাদির, আসমা বেগম, মাইকেল গোমেজ প্রমুখ।