ইভ টিজিং: উত্ত্যক্তকারীকে বাধা দিতে গিয়ে শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় বাধা দিতে গেলে বখাটেদের হামলায় মিজানুর রহমান নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার উপজেলার ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ অষ্টম শ্রেণীর জেএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার বিরতির সময় ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পাশেই আল আমিন নামে এক বখাটে যুবক অসডার একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী মাহমুদাকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে আল আমিন মুঠোফোনে মাহমুদার ছবি তুলতে চাইলে অসডার একাডেমির শিক্ষক মিজানুর রহমান তাকে বাধা দেন। এতে আল আমিন তার আট-দশজন সহযোগী নিয়ে মিজানুরকে পিটিয়ে আহত করে। পরে মিজানুরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাহমুদার মা রেজিয়া বেগম অভিযোগ করেন, উপজেলার শ্রীনগর গ্রামের শহীদুল্লাহর ছেলে আল আমিন দেড় বছর আগে থেকেই স্কুলে আসা-যাওয়ার পথে মাহমুদাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ কারণে মাহমুদাকে স্কুল পরিবর্তন করে অসডার একাডেমিতে ভর্তি করানো হয়। মাঝেমধ্যে আল আমিন বাড়িতে গিয়েও হুমকি দিত বলে জানান তিনি। ভবেরচর ওয়াজির আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শক উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, শিক্ষক আহত হওয়ার ঘটনাটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ঘটেছে। আহত শিক্ষক এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পারেন।এদিকে আজ একই স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী রুনা ইভ টিজিংয়ের শিকার হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।জানা গেছে, করিম খাঁ গ্রামের আবু বক্করের বখাটে ছেলে রমজান (২২) প্রায়ই রুনাকে উত্ত্যক্ত করত। আজ কোচিং থেকে ফেরার পথে বখাটে রমজান রুনার ওড়না ধরে টান দেয়। খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীরা রমজানকে আটক করলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়।এর আগে অনেকেই রমজানের বখাটেপনার বিষয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগও করেছিল বলে জানা গেছে। তবে রমজানের প্রভাবশালী আত্মীয়দের ভয়ে এ বিষয়ে আর কোনো কথা বলতে চায়নি রুনার পরিবার।