ইভ টিজিং: কমিটি গঠনের প্রতিবেদন দেওয়ার নির্দেশ
ইভ টিজিং প্রতিরোধে নীতিমালা তৈরির জন্য কমিটি গঠনের বিষয়টি এক মাসের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।আদালত একই সঙ্গে ইভ টিজিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থা বজায় রাখতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলা হয়েছে। ইভ টিজিংয়ের শিকার নারী ও তার পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ইভ টিজিং প্রতিরোধে একটি সমন্বিত নীতিমালা ও দিকনির্দেশনা তৈরির নির্দেশনা চেয়ে গতকাল সোমবার হাইকোর্টে রিট করা হয়। সারা দেশে ইভ টিজিংয়ের প্রায় ১০০ ঘটনা তুলে ধরে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী জনস্বার্থে রিটটি করেন।