ইভ টিজিং: কেরানীগঞ্জে এক বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. সাইফুল (২০) নামে এক বখাটেকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়। বাদী, বিবাদী ও ভুক্তভোগীর সাক্ষ্য নেওয়ার পর সাইফুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় দেন।উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে সাইফুল প্রতিদিনই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর মেয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হলে বখাটে সাইফুল তার হাত ধরে টানাহেঁচড়া করতে থাকে। এতে তাঁর মেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।এ ব্যাপারে মেয়ের বাবা গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।