ইভ টিজিং: চট্টগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) অভিযোগে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি এই আদেশ দেন। অভিযোগ পাওয়া গেছে, গত ২৬ অক্টোবর বাকলিয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর হাত ধরে টান দেয় মোহাম্মদ ইব্রাহিম (১৮) নামের ওই যুবক। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, ইব্রাহিমের বাড়ি বাকলিয়ার কে বি আমান আলী রোডে। গতকাল রাতে ওই ছাত্রী বাদী হয়ে ইব্রাহিমের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করে। মামলা হওয়ার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ইব্রাহিম বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৬ অক্টোবর ছাত্রীর হাত ধরে টানাটানি করে। তাই ওই ছাত্রী চান্দগাঁও থানায় মামলা করে।