ইভ টিজিং: ফরিদপুর ও নীলফামারীতে ২ যুবকের শাস্তি
ইভ টিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার ফরিদপুরে ও নীলফামারীতে দুই যুবককে জেল-জরিমানা করেছেন। ফরিদপুর: ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত মিঠুন শেখ (২০) নামে এক যুবককে ইভ টিজিং (উত্ত্যক্ত) করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার এ রায় দেন। দণ্ডিত মিঠুনের বাড়ি ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকায়।জানা গেছে, মিঠুন শহরের টেপাখোলা সরকারি শিশুসদনে (বালিকা) অবস্থানকারী মেয়েদের প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে মিঠুন শিশুসদনের সীমানা প্রাচীর টপকে সদনের ক্যাম্পাসে ঢুকে পড়ে। এ সময় সদনের নৈশপ্রহরী লিটন ও বাবলু তাঁকে আটক করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের হাতে তুলে দেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিঠুনকে এই শাস্তি দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। ইউএনও রাহিমা আক্তার জানান, ‘ফরিদপুরে এই প্রথম কোনো ইভ টিজারকে কারাদণ্ড দেওয়া হলো। আশা করি, এ ঘটনায় এ জাতীয় অপরাধ প্রবণতা কমে যাবে।’নীলফামারী: এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলা শহরে সোহেল রানা নামের এক ইভটিজারকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এই ছাত্রকে এক মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আজ দুপুরে এ রায় দেন। নীলফামারীতে ইভ টিজিংয়ের দায়ে এটি প্রথম সাজা। অভিযোগ মতে, গতকাল সোমবার সন্ধ্যায় ডিমলা মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ডিমলা বাজারে প্রয়োজনীয় কাজ সেরে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল। এ সময় ডিমলা আরবিআর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা সোহেল রানা ভ্যানটি আটকে তাঁকে উদ্দেশ করে খারাপ কথা বলে এবং ওড়না টেনে ধরে। এ সময় মেয়েটির চিত্কারে পথচারীরা ছেলেটিকে আটক করে রাতেই পুলিশে দেয়।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সকালে মেয়েটি নিজে বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। তাঁর লিখিত অভিযোগ মতে, ছেলেটি দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করত।অপরদিকে ছেলেটি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, মেয়েটির সঙ্গে তাঁর অনেক দিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় তাঁরা দুজনে আরবিআর স্কুলমাঠে গল্প করছিলেন। এ সময় কিছু লোক এসে তাঁকে আটকে পুলিশের হাতে তুলে দেয়।