ইভ টিজিং: বগুড়ার শেরপুরে প্রতিবাদ করায় কলেজছাত্রী প্রহৃত
উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় এক কলেজছাত্রী প্রহৃত হয়েছে। গতকাল সোমবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার বেটখৈর গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে সাইফুল ইসলাম ওরফে জুয়েল (২০) নামে এক বখাটে ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ করায় ওই বখাটের হাতে প্রহূত হন ছাত্রীটি। ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছে।জুয়েল একই গ্রামের মনছুর বিশ্বাসের ছেলে এবং বগুড়া আযিযুল হক কলেজের সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।জানা যায়, গতকাল সন্ধ্যার পর ওই কলেজছাত্রী তাঁর বোনসহ বাড়ির সামনে গল্প করছিল। এ সময় জুয়েল ও তার দুই সহযোগী তাঁদের বাড়ির সামনে দাঁড়িয়ে ওই কলেজছাত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করে ও উত্ত্যক্ত করতে থাকে। এতে ছাত্রীটি প্রতিবাদ করলে জুয়েল ক্ষিপ্ত হয়ে কলেজছাত্রীর হাত ধরে টানাটানি করে এবং এক পর্যায়ে চড় মারে। ছাত্রীটি জানিয়েছে, কলেজে আসা-যাওয়ার পথে জুয়েলের উত্ত্যক্ততায় তাঁরা দুই বোন অতিষ্ঠ হয়ে উঠেছেন।জুয়েলের বাবা মনছুর বিশ্বাস জানান, ঘটনার পর জুয়েল রাতে বাড়ি ফেরেনি। সে কোথায় আছে তাও তিনি জানেন না। তবে এ ঘটনায় জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর জুয়েল গ্রাম ছেড়ে পালিয়েছে। তাকে ধরতে পুলিশি তৎপরতা চলছে।