ইভ টিজিং: বিদ্যমান দণ্ড সেকেলে
দেশের পত্রিকা খুললেই লক্ষ করা যায়, প্রতিদিন দেশের কোথাও না কোথাও মেয়েরা যৌন হয়রানির শিকার হচ্ছে। বিশেষত স্কুল-কলেজের ছাত্রীরা এ হয়রানির শিকার হয় বেশি। দেশের প্রত্যন্ত অঞ্চলে এ নির্যাতনের বিরুদ্ধে সচেতন মহল, প্রশাসন, এনজিও, সুশীল সমাজ, স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিছিল-সমাবেশ করছে। কেউ কেউ পত্রিকায় নিবন্ধ লিখে নতুন আইন প্রণয়ন করে এর প্রতিকারের পন্থা বাতলে দিচ্ছেন। হয়তো কিছু কিছু অপরাধ সংঘটিত হচ্ছে, যা প্রচলিত কোনো আইনে উল্লেখ নেই। ফলে কোনো কোনো অপরাধী আইনের ফাঁক মাড়িয়ে বীরদর্পে ঘুরেফিরে অপরাধ জগতে বিরাজ করছে। যে অপরাধের বিষয়ে প্রচলিত আইনে প্রতিকার নেই, সে অপরাধ দমনে নতুন আইন প্রণীত হোক, তাতে দ্বিমত নেই। কিন্তু যে অপরাধের প্রতিকার আইনে আছে, তা যদি অসামঞ্জস্যপূর্ণ এবং সাজার দিক থেকে অপ্রতুল হয়, তা কিন্তু অপরাধ দমনে সহায়ক না হয়ে অপরাধীর সাহস বেড়ে যাওয়ার কারণ এবং রাষ্ট্রপক্ষের জন্য বুমেরাং।বিদ্যমান আইনগুলো আধুনিক না থাকায় আইনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এর থেকে বেরিয়ে না আসায় সমাজে ইভ টিজিংয়ের মতো অপরাধ ব্যাপকভাবে দেখা দিচ্ছে। বিদ্যমান সামাজিক বিকৃতির যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট আইনের আধুনিকীকরণের বিকল্প নেই।১৮৫৭ সালের প্রথম ভারতীয় সংগ্রাম, যা মহান সিপাহি বিদ্রোহ নামে খ্যাত, তার তিন বছরের মাথায় আমাদের এই উপমহাদেশে ব্রিটিশরা শাসন পাকাপোক্ত করার মানসে শাস্তির প্রকৃতি ও পরিমাণ রচনায় দণ্ডবিধি প্রণয়ন করে। এ আইন ব্রিটিশদের শাসন যতটুকু না কার্যকর করেছে, তার চেয়ে বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছে ভারতীয় জীবনে। ব্রিটিশদের সে আইন এখনো আমাদের জীবনের চলার প্রতিটি গলিতে কার্যকর। তাদের প্রণীত আইন আমাদের এখনো শাসন করে। যেমন রোমান আইন মানবসমাজকে এখনো কবর থেকে শাসন করছে, অনুরূপ আমরা শাসিত হচ্ছি ব্রিটিশ প্রণীত আইন দ্বারা।দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া বাকি সব আইনই অদ্যাবধি সমাজের চাহিদা পূরণ করছে। এটি সেই দিনের আইনবেত্তাদের দূরদৃষ্টির ফল। ব্রিটিশদের প্রণীত দণ্ডবিধি প্রণীত হওয়ার পরের বছর ১৮৬১ খ্রিষ্টাব্দে প্রণীত হয় পুলিশ আইন এবং ছয় বছর পর জুয়া আইন ১৮৬৭। সংশ্লিষ্ট আইনগুলোতে শারীরিক দণ্ডের ক্ষেত্রে গ্রহণীয় মাত্রায় থাকলেও অর্থদণ্ডের ক্ষেত্রে বিদ্যমান সাজা বর্তমান সামাজিক ও আর্থিক প্রেক্ষাপটে অসামঞ্জস্য ও হাস্যকর। অপরাধের মাত্রার সঙ্গে সঙ্গে আর্থিক সাজার পরিমাণ অসামঞ্জস্য হওয়ায় বর্তমানে ইভ টিজিংসহ মাতলামির মতো অপরাধগুলো ব্যাপক রূপ নিয়েছে।সাইবার ক্যাফের যুগে তরুণদের মধ্যে সামাজিক বিকৃতি বেশি করে ভর করছে। বর্তমানে যে ইভ টিজিংয়ের কথা বলা হচ্ছে, তা নিরসন হতো, যদি প্রচলিত আইনগুলো কার্যকর হতো। উল্লিখিত সাজাগুলোর সময়ের সঙ্গে সংগতি না থাকায় বর্তমানে ইভ টিজিংয়ের মতো অপরাধের শিকার হচ্ছে কিশোরীরা।সমাজে গণ-উপদ্রবের মতো অপরাধ নিয়ন্ত্রণের নিমিত্ত দণ্ডবিধির ২৯০ ধারা এবং অনুরূপ গণ-উপদ্রব বন্ধের সরকারি বাধা উপেক্ষায় ২৯১ ধারায়, অশ্লীল পু্স্তক বা চিত্র বিক্রয় প্রদর্শনীর জন্য ২৯২ ধারায়, অল্প বয়স্ক ব্যক্তির কাছে অশ্লীল বস্তু বিক্রয় করার জন্য ২৯৩ ধারায় এবং অশ্লীল কাজ ও সংগীত করা ২৯৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধান করা আছে। ২৯০-২৯৪ ধারা, পুলিশ আইনের ৩৪ ধারা এবং জুয়া আইনের ১১ ধারার অপরাধের আর্থিক সাজা বৃদ্ধি করা জরুরি। দণ্ডবিধির ২৯০ ধারার সাজা সর্বোচ্চ ২০০ টাকা, ২৯১ ও ২৯৩ ধারায় বিনাশ্রম কারাদণ্ড ছয় মাস, ২৯২ ও ২৯৪ ধারায় তিন মাস কারাদণ্ড বা অর্থদণ্ড রয়েছে।পুলিশ আইনের ৩৪ ধারার আওতায় শহর এলাকায় আট প্রকার অপরাধের বর্ণনা রয়েছে। এর মধ্যে বর্ণিত অপরাধের ছয় দফায় মাতলামি ও দাঙ্গার জন্য এবং সাত দফায় অশ্লীলতাকে অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। যেখানে দণ্ড মাত্র ৫০ টাকা।মাত্র কথাটি বলছি বর্তমান বাজারমূল্যের সঙ্গে অপরাধের দণ্ডের পরিমাণ ও প্রকৃতি নিয়ে। যদিও আইন প্রণয়নের কালে ২০০ বা ৫০ টাকা ছিল অনেক। সপ্তদশ শতাব্দীতে একজন ভারতীয়র জন্যই শুধু নয়, বরং একজন ইংরেজ কর্মচারীর পক্ষে ৫০ টাকার জরিমানা নির্বাহ করা ছিল মারাত্মক কষ্টের। ১৫০ বছর আগে ২০০ টাকায় কী পরিমাণ স্বর্ণ পাওয়া যেত, তা বলা মুশকিল হলেও বাংলাদেশের সূচনার পর এর প্রতি ভরির মূল্য ছিল ১০০ থেকে ১২৫ টাকা। সে হিসেবে বর্তমান বাজারমূল্য প্রায় ৬০-৭০ হাজার টাকা। যদি ১৫০ বছর আগে বাজারমূল্য বিবেচনা করা হয়, তাহলে এর মূল্যমান দাঁড়াবে প্রায় সাত লাখ টাকা। পরিতাপের বিষয়, রাষ্ট্র এখনো সেই ১৫০ বছর আগের বাজারদরে পরিচালিত হচ্ছে। দেড় শতাব্দী আগের মূল্যে আর্থিক দণ্ড বজায় থাকায় অপরাধীরা হরহামেশাই নিজেদের দোষ স্বীকারে ৫০ বা ২০০ টাকা জরিমানা দিয়ে পরিত্রাণ পায়।আবার ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় তিন ধরনের অপরাধের বর্ণনা আছে। এর মধ্যে প্রথম অপরাধটি পাবলিক মার্কেট, মেলা ও রাস্তায় প্রকাশ্য জুয়া খেলা, দ্বিতীয়টি অনুরূপ জায়গায় অনুরূপ উদ্দেশ্যে পশু-পাখির মধ্যে লড়াই অনুষ্ঠান অপরাধ হিসেবে গ্রহণ করা হয়েছে এবং যারা এসব বিষয়ে সহযোগিতা করবে, তারাও অপরাধী হবে। এসব অপরাধের জন্য শাস্তির পরিমাণ ৫০ টাকা এবং একই অপরাধ দ্বিতীয়বার করলে ১৩ ধারার বিধানে সাজার মাত্রা দ্বিগুণ হবে, তবে ৬০০ টাকার অধিক হবে না। যদিও ১১ ধারার অপরাধ ইভ টিজিংয়ের সঙ্গে প্রত্যক্ষ নয়, তবে পরোক্ষ ভূমিকা নেই, তা বলা যাবে না।উল্লিখিত অপরাধগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে, এ অপরাধগুলো ইভ টিজিংয়ের সূতিকাগার। বর্তমান সমাজে বিকৃতির যে বিকাশ ঘটেছে, তা মোকাবিলার জন্য জরুরি হয়ে পড়েছে উল্লিখিত আইন সংস্কার এবং তার সাজার মাত্রা বৃদ্ধি করা। নয়তো ইভ টিজিংয়ের মতো অপরাধ আগ্রাসী রূপ ধারণ করবে আর আত্মহননের পথ খোলা রবে শত-সহস্র কিশোরীর।এ ছাড়া দণ্ডবিধির গণ-উপদ্রবের মতো অপরাধ, যা একজন নারীকে ঘিরে হয়, তা যদি অশ্লীলতা হয়, সেটি বিদ্যমান নারী ও শিশু নির্যাতন আইনের অন্তর্ভুক্তিযোগ্য। ১৮৮১ সালে হিকলিন কেসে চিফ জাস্টিস ককবার্ন অশ্লীলতার সংজ্ঞা প্রদান করে সেখানে বলেন, ‘যাহা মানুষের মনকে বিকৃত করে এবং দূষিত করে, তাহাই অশ্লীলতা। যাহাদের হাতে এই সকল লেখা পড়বার কথা এবং যাহাদের মন উক্ত লেখা দ্বারা প্রভাবিত হইতে পারে, তাহাদের মনকে যে লেখা দূষিত বা বিকৃত করে সেই লেখা অশ্লীল।’ ১৯৬৫ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট মন্তব্য করেন, ‘যে পুস্তক যুবক-যুবতীর মনে এমনকি বয়স্ক ব্যক্তির মনে অপবিত্র বা কামোদ্দীপক ধারণার জন্ম দেয়, তাহা অশ্লীল (এআইআর ১৯৬৫ এসসি ৮৮১)’ এই সংজ্ঞানুসারে কোনো নারীর বিরুদ্ধে অশ্লীল প্রকাশনা শুধু মানহানিই নয়, বরং নারী নির্যাতনের শামিল। দণ্ডবিধির ২৯২ ধারায় বর্ণিত অপরাধে যদি অশ্লীল পুস্তক বা প্রকাশনা দ্বারা কোনো নারী ক্ষতিগ্রস্ত হয় বা কোনো নারীকে কেউ উত্ত্যক্ত করে, ২৯৩ ধারামতে কোনো ব্যক্তি কোনো অল্প বয়স্ক ব্যক্তির কাছে বা কোনো শিশুর কাছে অশ্লীল বস্তু বিক্রি করে বা ভাড়া দেয় বা বিতরণ করে বা প্রদর্শন করে, ২৯৪ ধারামতে কোনো অশ্লীল গান বা কাজ দ্বারা কোনো মেয়েকে উত্ত্যক্ত করে, তাহলে সংশ্লিষ্ট অপরাধ প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারার অপরাধের সঙ্গে মিলিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার করা যেতে পারে। এতে ইভ টিজিংয়ের মতো মহামারি কিছুটা হলেও হ্রাস পাবে।লেখক আইনজীবী।