ইভ টিজিং: মেয়ের সঙ্গে কলেজে যেতে হয় বাবাকেও
মামলা হয়েছে, স্থানীয়ভাবে সালিসও হয়েছে, তার পরও মেয়ের কলেজে যাওয়ার পথে যারা রাস্তায় দাঁড়াত, ইভ টিজিং করত, তারা রাস্তায়ই আছে। তাই পড়ালেখা আর নিরাপত্তার স্বার্থে মেয়ের সঙ্গে কলেজে যেতে হয় বাবাকেও। ঘটনাটি রাজশাহীর চারঘাট উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামের।মেয়েটির বাবা জানান, মেয়ে চারঘাটের বড়াল আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী। কলেজে যাওয়ার পথে পার্শ্ববর্তী চককৃষ্ণপুর গ্রামের মিঠন ও তার দুই সহযোগী প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে। গত ১৭ এপ্রিল কলেজের পথে একইভাবে তারা মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করলে মিঠন মেয়েকে চড় দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে চারঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। পরে এটি মামলা হিসেবে তালিকাভুক্ত হয়। কিন্তু তিন দিন পরও পুলিশ ঘটনার তদন্তে আসেনি। স্থানীয় ব্যক্তিরা চককৃষ্ণপুর গ্রামে এ নিয়ে একটি সালিসের আয়োজন করেন। সালিস অমীমাংসিত থাকে। কয়েক দিন পর ওই ছেলে (মিঠন) তাঁদের এলাকায় এলে ক্ষোভে তাঁর পক্ষের লোকজন ছেলেটিকে মারধর করে। এ নিয়ে আবার একটি সালিস বসে। এতে তাঁকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সালিসও ছেলের পক্ষ অমান্য করে। উল্টো তাঁদের বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা করে। এরপর কালুহাটি গ্রামের কাইলিতলার বাজারে মামলা তুলে মীমাংসা করার প্রস্তাব নিয়ে আরেক দফা সালিস হয়। সালিসে আগে তাঁর মামলাটি তুলে নিতে বলা হয়। এ কারণে ওই সালিসও অমীমাংসিত থাকে।মেয়ের বাবা আরও জানান, এসব ঘটনার পর তাঁর মেয়ের কলেজে যাওয়া নিয়ে আরও সংকট তৈরি হয়েছে। উত্ত্যক্তকারীরা আগের মতোই কলেজের পথে ঘোরাঘুরি করে। তিনি একজন স্কুল শিক্ষক। কোনো উপায় না দেখে সকাল আটটায় মেয়েকে কলেজে দিয়ে, তারপর নিজে স্কুলে যান। গত ১৭ এপ্রিলের ঘটনার পর থেকে প্রায় চার মাস যাবৎ তিনি মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছেন। বর্তমানে কলেজ বন্ধ রয়েছে।এ ব্যাপারে বড়াল আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ সারোয়ার জামান বলেন, ‘রাস্তায় একটি ঝামেলা হওয়ার পর মেয়ের বাবা নিজেই মেয়েকে কলেজে নিয়ে আসছেন—এমনটি আমাকে বলেছিলেন। পরে আর বিষয়টি খেয়াল করা হয়নি।’গতকাল শনিবার চককৃষ্ণপুর গ্রামে মিঠনের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। তার চাচা রুস্তম আলী বলেন, ওই মেয়ে মিঠনকে পাগল বলেছিল। তাই মিঠন তাকে একটি চড় মারে। এ নিয়ে সালিসে মিঠনকে ২৫ ঘা জুতাপেটা করা হয়। এর তিন মাস পর ওই গ্রামে নামযজ্ঞ শুনতে গেলে, মেয়ের পরিবারের লোকেরা মিঠনকে মারধর করে। এ নিয়ে সালিসে মেয়ের বাবাকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ‘প্রথম দিন আমরা রায় অমান্য করলেও পরে মেনে নিয়েছিলাম। কিন্তু তারা তাদের মামলা তদন্তের জন্য পুলিশ নিয়ে এলে সালিসের লোকজন আমাদেরও আইনের আশ্রয় নিতে বলেন। আমরা আদালতে মামলা করি। এরপর মিঠন মেয়েটিকে আর উত্ত্যক্ত করেনি। ওদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, ‘পুলিশ যায়নি, কথাটি ঠিক নয়। মামলার আসামিরা পলাতক। তাই তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তাদের সন্ধান পেয়ে খবর দিলেই পুলিশ ব্যবস্থা নেবে।’