ইভ টিজিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৩, কারাদণ্ড ৪ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের অভিযোগে আজ শনিবার চট্টগ্রামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রাজশাহী, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শেরপুরে ইভ টিজিংয়ের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম: চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় বেসরকারি এশিয়ান ইউনির্ভাসিটির এম এম আলী রোডের ক্যাম্পাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তিন যুবক হলেন—সাফায়েত হোসেন (২১), আবু বক্কর সিদ্দিক (১৬) ও মো. ফয়সাল (১৭)। অভিযোগ পাওয়া গেছে, তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাস্তায় বসে আড্ডা দেওয়ার পাশাপাশি আবাসিক ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। আজ সন্ধ্যায় কয়েকজন ছাত্রী রাস্তায় বের হলে তাঁদেরকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এরা উত্ত্যক্ত করছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত একজন কর্মকর্তা আমাদের ফোন করে জানান। আমরা সন্ধ্যায় গিয়ে তিনজনকে গ্রেপ্তার করি। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছে।’রাজশাহী: রাজশাহীর গোদাগাড়িতে ইভ টিজিংয়ের অভিযোগে আজ এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শওকাতুল ইসলাম (২১)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাশেমপুর গ্রামে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, দুপুরে গোদাগাড়ি উপজেলার হুজাপুর উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে শওকাতুল ইসলাম নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। শেরপুর: শেরপুর শহরে ভীমগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শাকিল হাসান (১৮) নামের এক যুবককে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার সরকার এ সাজা দেন।পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল দীর্ঘদিন ধরেই স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। আজ সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এলাকাবাসীর সহায়তায় সদর থানার পুলিশ শাকিলকে আটক করে। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতের কাছে শাকিলকে সোপর্দ করলে আদালত তাঁকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত শাকিল হাসান শেরপুর সদর উপজেলার চর খারচর গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেলেই শাকিলকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।ফরিদপুর: মোবাইল ফোনের ক্যামেরায় বিদ্যালয়গামী দুই ছাত্রীর ছবি তোলা এবং ছবি তোলার ঘটনায় প্রতিবাদ করায় ছাত্রীদের অশ্লীল ভাষায় গালাগাল করায় এক যুবককে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ফরিদপুরের মধুখালী উপজেলায় এ ঘটনা ঘটে।জানা গেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় উপজেলার গোপালদী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর দুই ছাত্রীর ছবি মোবাইল ফোনে ধারণ করে ইউনিয়নের গোপালদী গ্রামের জিয়াউর রহমান (২৬) নামের এক যুবক। ইউনিয়নের কুমার নদসংলগ্ন ঈদগা ময়দানের কাছে বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রী দুজন এ ঘটনার প্রতিবাদ জানালে যুবকটি তাদের অশ্লীল ভাষায় গালাগালসহ আপত্তিকর মন্তব্য করেন।মধুখালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, শুক্রবার মেয়ে দুটির অভিভাবক মধুখালী থানায় অভিযোগ করলে শুক্রবার রাতেই নিজ বাড়ি থেকে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়।মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল জানান, আজ দুপুরে উপজেলা পরিষদে আদালত বসিয়ে ইভ টিজিংয়ের দায়ে জিয়াউর রহমানকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। জিয়াউর রহমান একজন টাইলস মিস্ত্রি। তিনি বগুড়ায় কাজ করেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।মুন্সিগঞ্জ: ইভ টিজিংয়ের অভিযোগে মুন্সিগঞ্জে নাঈম নামের এক যুবকের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল জলিল এ দণ্ড দেন। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জানান, বিক্রমপুর কলেজে যাওয়ার পথে আজ বেলা তিনটার দিকে নাঈম ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। এরপর বিচারে নাঈমের এক বছরের সাজা হয়। তাঁর বাবার নাম জাহাঙ্গীর খান। তাঁর বাড়ি একই উপজেলার আড়িয়ল গ্রামে।