ইভ টিজিংয়ের দায়ে চুয়াডাঙ্গায় যুবকের ২ মাস কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার রাতে ইভ টিজিংয়ের দায়ে ফরহাদ মিয়া নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি সায়েমুজ্জামান অভিযোগকারী ও সাক্ষীদের দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে এ আদেশ দেন। ফরহাদ মিয়ার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাঘডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম জলিল উদ্দিন জোয়ার্দ্দার। আদালত সূত্রে জানা গেছে, বাঘাডাঙ্গা গ্রামের এক স্কুলছাত্রীকে ফরহাদ মিয়া গত তিন বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। দেড় মাস আগে মেয়েটিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় বোনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ফরহাদ সরোজগঞ্জ বাজারে একটি মেসে ভাড়া থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল রাতে এলাকাবাসী তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। তবে ফরহাদ দাবি করেছেন যে ওই ছাত্রী তাঁর স্ত্রী। কিন্তু আদালত জানান, এমন কোনো প্রমাণ ফরহাদ আদালতের কাছে উপস্থাপন করতে পারেননি।