ইভ টিজিং বা মেয়েদের উত্ত্যক্ত করা রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছেন। ইভ টিজিং বন্ধে নির্বাহী হাকিমদের বিচারিক ক্ষমতা দেওয়ার পরের দিন গত বুধবার পিরোজপুরে এক কিশোরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঝিনাইদহ ও কুমিল্লায় ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়।এদিকে শরীয়তপুরে উত্ত্যক্ত করার অভিযোগের মামলায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পিরোজপুর: এক কিশোরীকে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল (১৬) নামের এক কিশোরকে বুধবার সন্ধ্যায় ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পিরোজপুরের নির্বাহী হাকিম তরফদার সোহেল রহমানের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। দুলালের বাড়ি শহরতলির মরিচাল এলাকায়।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু যাহিদ জানান, বুধবার দুপুরে শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ওই বিদ্যালয়ের সামনে থেকে দুলাল এবং তাঁর সহযোগী ইয়াছিন (১৯) ও সাইফুলকে (২০) পুলিশ আটক করে। জানা গেছে, দুলাল প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। ইয়াসিন ও সাইফুলের পরিবারের লোকজন থানায় এসে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে গেছেন। দুলালকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।চট্টগ্রাম: পথচারী নারীদের উত্ত্যক্ত করার অপরাধে চট্টগ্রামে সৈয়দ (৩২) নামের এক ব্যক্তিকে ২০ দিনের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও চার দিনের কারাদণ্ড দিয়েছেন মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। গতকাল চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আইনের ৭৭ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়। সৈয়দের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।চট্টগ্রাম কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মর্জিনা আক্তার বলেন, নগরের লাভ লেন এলাকায় সকালে কয়েকজন নারীকে উত্ত্যক্ত করার সময় পুলিশ সৈয়দকে হাতেনাতে গ্রেপ্তার করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়।কুমিল্লা: কুমিল্লায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে তিনজনকে জরিমানা ও দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবু আউয়াল। কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন শহরের ধর্মসাগরের পশ্চিম পাড়ের বাসিন্দা মো. মাহবুব (২১) ও মো. হাবিবুর রহমান (২০)। জরিমানা করা হয় সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর গ্রামের সামিউল হাসান (২৩), শহরতলির ঢুলিপাড়া চৌমুহনীর মোজাহেদুল ইসলাম (২২) ও আদর্শ সদর উপজেলার রায়পুর গ্রামের জনি সরকারকে (২৪)।বিচারক মো. আবু আউয়াল প্রথম আলোকে জানান, বেলা একটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার প্রধান ফটকের সামনে সামিউল ও মোজাহেদুল কলেজছাত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করছিলেন। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা তাঁদের আটক করেন। আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। পরিবারের সদস্যরা টাকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেন।একই আদালত বেলা দেড়টায় কুমিল্লা মডার্ন হাইস্কুলের সামনে থেকে জনিকে আটক করে। তাঁকেও এক হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ২০০ টাকা দিয়ে পার পান। বেলা দুইটায় শহরের ধর্মসাগর পাড়ের পৌর উদ্যানে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় মাহবুব ও হাবিবুরকে আটক করেন সাদা পোশাকে থাকা র্যাব ও পুলিশের সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকেলে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।গোপালগঞ্জ: জেলার মুকসুদপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মঞ্জু শেখ (২৫) ও দুলাল শেখ (২৬) নামের দুই যুববকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঞ্জুকে এক মাস এবং দুলালকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।মুকসুদপুর থানার পরিদর্শক (প্রশাসন) লিয়াকত আলী জানান, উপজেলার বানিয়ারচরের একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন মঞ্জু ও দুলাল। পরিরারের লোকজন এ ব্যাপারে অভিযোগ করলে পুলিশ জলিরপাড় থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে কারাদণ্ড দেন। রায় ঘোষণা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান।শরীয়তপুরে মামলায় একজনের কারাদণ্ড: উত্ত্যক্ত করার অভিযোগে করা একটি মামলায় গতকাল রবিন সরদার নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুরের আদালত। শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম উৎপল ভট্টাচার্য গতকাল এ রায় দেন। রবিনের বাড়ি জেলার ডামুড্যা উপজেলার ধনই গ্রামে।মামলা সূত্রে জানা গেছে, ডামুড্যার একটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল রবিন। গত ২৩ জুন উত্ত্যক্ত করার সময় রবিনকে হাতেনাতে আটক করে পুলিশ। ২৪ জুন ডামুড্যা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন উত্ত্যক্তের অভিযোগ এনে রবিনের বিরুদ্ধে মামলা করেন।ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের সামনে দাঁড়িয়ে জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার সময় ভ্রাম্যমাণ আদালত রুবেল (২০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। রুবেল ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তিনি সদর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহে এই প্রথম ইভ টিজিংয়ের দায়ে কোনো বখাটেকে সাজা দিলেন ভ্রাম্যমাণ আদালত।মা-বাবার বিরুদ্ধেও ব্যবস্থা: বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ইভ টিজিং করে কেউ পার পাবে না। যারা ইভ টিজিং করবে, শুধু তাদেরই নয়; প্রয়োজনে তাদের মা-বাবার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ, সন্তানেরা যাতে ইভ টিজিং না করে, তেমন মানসিকতা সৃষ্টির দায়িত্ব মা-বাবারও। গতকাল সকাল ১০টায় পাবনার বেড়া উপজেলায় মনজুর কাদের মহিলা কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উত্ত্যক্তকারী ও বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করেছে।মনজুর কাদের মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও উপাধ্যক্ষ ইব্রাহিম হোসেন।