ইভ টিজিংয়ের দায়ে যুব কর্মকর্তার কারাদণ্ড
ইভ টিজিংয়ের দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলেই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।একাধিক সূত্র জানায়, যুব উন্নয়নের কর্মকর্তা মামুনুর রশীদ খান (৩৮) লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন থেকে উত্ত্যক্ত করছিলেন।ঘটনার দিন গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে থানা রোড এলাকায় দেখতে পেয়ে ছাত্রীটির পথরোধ করেন মামুনুর রশীদ। বিষয়টি দেখতে পেয়ে ছাত্রীটির পরিবারের সদস্যরা তাঁকে আটক করে নিকটবর্তী থানায় নিয়ে যান। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমানের নির্দেশে ছাত্রীসহ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইভ টিজিংয়ের অপরাধে নয় মাসের সাজা প্রদান করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।