ইভ টিজিংয়ের দায়ে লক্ষ্মীপুর, নওগাঁ ও কুষ্টিয়ায় ৪ জনের কারাদণ্ড
ইভ টিজিংয়ের দায়ে আজ সোমবার লক্ষ্মীপুরের রায়পুরে দুজনকে এবং গতকাল রোববার নওগাঁ ও কুষ্টিয়ায় অপর দুজনকে কারাদণ্ড দেওযা হয়েছে।রায়পুর (লক্ষ্মীপুর): ভ্রাম্যমান আদালত উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুইজন যুবককে আজ এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন । আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপাল চন্দ্র দাস এ সাজা দেন। ওই দুই যুবক হলেন রাখালিয়া গ্রামের বখাটে জুয়েল ও সাদ্দাম ।পুলিশ ও এলাকাবাসী জানান, এই দুই যুবক অনেকদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এতে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। আজ ওই দুই যুবক ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁকে উত্ত্যক্ত করে। বিষয়টি পুলিশকে জানানোর পর ভ্রাম্যমান আদালত বসে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমান আদালতের নির্দেশে জুয়েল ও সাদ্দামকে আটক করা হয়। তারা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে। পরে আদালত তাঁদের শাস্তি দিয়ে কারাগারে পাঠান। নওগাঁ: নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নওগাঁ জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম ওরফে নয়ন (১৫) শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সন্ধ্যায় মেয়েটি শহরের কেন্দ্রীয় পার্কসংলগ্ন কোচিং সেন্টার থেকে বাড়িতে যাওয়ার পথে আরিফুল তাকে উত্ত্যক্ত করে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিষয়টি পুলিশকে জানানো হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশের একটি দল আরিফুলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারে আরিফুলকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।কুষ্টিয়া: কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালত এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সেলিম রেজা ওরফে পাখি (২৯) নামের এক যুবককে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া স্টেডিয়ামপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুষ্টিয়ার স্টেডিয়ামপাড়ায় দুই সন্তানের এক জননীকে উত্ত্যক্তকালে গতকাল রাতে সেলিমকে আটক করা হয়। পরে কুষ্টিয়ার ভ্রাম্যমাণ আদালতের বিচারে সেলিমের এক বছরের বিনা শ্রম কারাদণ্ড হয়। তবে সেলিম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই মহিলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। তাঁর বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার মনাখালী গ্রামে। সেখান থেকে তিনি প্রায়ই তাঁর সঙ্গে দেখা করতে কুষ্টিয়ায় আসতেন। কিন্তু ওই নারী দাবি করেছেন, সেলিমের বক্তব্য অসত্য। সেলিম তাঁকে উত্ত্যক্ত করতেন।