ইভ টিজিংয়ের শাস্তি মরিচগুঁড়ো
দিল্লির গণধর্ষণের ঘটনার পর এবার ইভ টিজিং রুখতে ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে একটি নারী সংগঠন এক অভিনব উদ্যোগ নিয়েছে। রাজধানী গুয়াহাটিতে ওই সংগঠনের নারীরা এখন রাজ্যে ‘মরিচকন্যা’ বা ‘চিলি গার্ল’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তাঁদের সঙ্গে থাকছে মরিচ ও গোলমরিচের গুঁড়ো আর স্পিরিটমিশ্রিত সুগন্ধি। কেউ ইভ টিজিংয়ের উদ্যোগ নিলেই মরিচকন্যারা তাদের দিকে ছুড়ে মারছেন মরিচের গুঁড়ো বা সুগন্ধি। এর ফলে আসামজুড়ে এখন ’মরিচকন্যা’ আতঙ্ক।এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা নারী নির্যাতন রুখতে নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছেন। একই সঙ্গে অপরাধীদের রাসায়নিক প্রক্রিয়ায় নির্বীজকরণের পক্ষেও মত দিয়েছেন। এদিকে আসামের নারীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহারাষ্ট্রের পুলিশ সুপারিশ করেছে নারীদের সঙ্গে ওয়ানশ্যুটার বন্দুক ও মরিচের গুঁড়ো রাখার। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু এবং অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের স্কুলের ছাত্রীদের জন্য ক্যারাটে কিংবা কিক বক্সিংয়ের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে।