ইভ টিজিংয়ের শিকার হই
ব্রজমোহন কলেজ থেকে মাস্টার্স শেষ করে বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন গৌরনদী উপজেলার কাজী তানিয়া। ছাত্রীনিবাস ও মেসে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে। ‘ছাত্রীনিবাস অবশ্যই ভালো। কারণ, সেখানে অন্তত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকে। কিন্তু মেসে একধরনের স্বাধীনতা আছে, সেদিক থেকে আবার ভালো লাগাও রয়েছে। তবে সবচেয়ে দুঃখ ও কষ্টের বিষয়—রাস্তা-ঘাট, বাজার সর্বত্রই আমরা ইভ টিজিংয়ের শিকার হয়ে থাকি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে হতাশ হয়ে যাই। অনেক সময় আকার-ইঙ্গিতে এবং শারীরিকভাবেও বখাটেদের উৎপাতে শঙ্কার মধ্যে থাকতে হয়। নিজেকে সামলানোর চেষ্টায় ব্যস্ত থাকতে হয় সর্বদা।’ বিভিন্ন ছাত্রাবাসের নিবাসীদের অভিযোগ: ব্রজমোহন কলেজের কবি জীবনানন্দ দাশ হলের ছাত্র ও বাংলা সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভোলা সমীর চন্দ্র দাস অভিযোগ করেন, চারজনের সিটে থাকতে হয় আটজন। খাওয়া-দাওয়া, বাথরুম ও পানির সংকট প্রকট। ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ মাহফুজ বলেন, ‘জীবনানন্দ দাশ হলে একটু বৃষ্টি হলেই পানিতে মেঝে ভেসে যায়। কোনোমতে পলিথিন দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করা হয়। কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করার পরও ছাত্রাবাসটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি। ডিগ্রি ছাত্রাবাসের ইংরেজি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র লক্ষ্মীপুর নিবাসী আহম্মেদ সুকর্ণ বলেন, দীর্ঘদিন ধরে হল সংস্কার না করায় এগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র তয়ন কর্মকারও একই কথা বলেন।