ইভটিজিং বন্ধে নতুন আইন হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভটিজিং বন্ধে কঠোর শাস্তি দিতে প্রয়োজনে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বখাটেদের সাজা প্রদানে যে আইন আছে, সেই আইনের মাধ্যমে যদি সম্ভব না হয়, প্রয়োজনে নতুন আইন করা হবে। আজ শনিবার দুুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচান সভায় মন্ত্রী এ কথা বলেন। ইভটিজিংয়ের শিকার হয়ে গত বুধবার এ বিদ্যালয়েরই দশম শ্রেণীর ছাত্রী হাসনা রহমান সিনথিয়া আত্মহত্যা করে। শিক্ষামন্ত্রী বলেন, ‘এ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবার সঙ্গে এই বেদনা ভাগ করে নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এটা শুধু শ্রীনগর বা মুন্সিগঞ্জের বিষয় নয়, সারা দেশের মানুষকে এ ঘটনা নাড়া দিয়েছে।’উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীরা ও তার পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর কাছে স্কুলে সিনথিয়ার নামে একটি একাডেমিক ভবন গড়ে তোলার দাবি জানানো হয়। বাড়ৈখালী গ্রামটি থানা থেকে অনেক দূরে হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি করে তারা।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে সিনথিয়ার নামে একটি একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস দেন। তবে পুলিশ ফাঁড়ির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে তিনি জানান।বিদ্যালয়ে প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান-উর রশীদ, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন ভূঁইয়া ও সোহেলা পারভিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সিনথিয়ার চাচা ও মামলার বাদী রুস্তম আলী প্রমুখ।এরপর মন্ত্রী বিদ্যালয়ের পাশে সিনথিয়াদের বাড়িতে যান। সেখানে তার পরিবারকে সান্ত্বনা দেন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন। এ সময় সিনথিয়ার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।মন্ত্রী বলেন, ‘আমারও মেয়ে আছে। আপনাদের ব্যথা আমি বুঝি।’ উল্লেখ্য, গত বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের হাসনা রহামান সিনথিয়া বখাটের উত্ত্যক্ততার কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। স্কুলে যাওয়ার পথে প্রায় তাকে বখাটে জাহাঙ্গীর উত্ত্যক্ত করত। এ নিয়ে স্কুলে একাধিক সালিস বৈঠকও হয়। এ ঘটনায় বুধবার রাতেই বখাটে জাহাঙ্গীরকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।